আশুলিয়ায় দলবেঁধে ধর্ষণ, দুই আসামির স্বীকারোক্তি
সাভারের আশুলিয়ায় দলবেঁধে এক পোশাক কর্মীকে ধর্ষণের ঘটনায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন দুই আসামি।
এক মাসেরও বেশি সময় আগের এই ঘটনার ভিডিও সম্প্রতি ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর আসামি সাহরুফ (১৮), জাকির হোসেন (১৮) ও ডায়মন্ড আল আমিনকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ওই তিনজনকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। সাহরুফ ও জাকির ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। অপরদিকে ডায়মন্ড আল আমিনকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ।
তবে তাকে শিশু দাবি করে রিমান্ড আবেদন বাতিলের আরজি জানান তার আইনজীবীরা। ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের একজন বিচারক ওই আবেদন শুনানির জন্য ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।
ঢাকার বিচারিক হাকিম মনিরুজ্জামান শিকদার আসামি সাহরুফের এবং বিচারিক হাকিম রাজীব হাসান অপর আসামি জাকিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন।
সংশ্লিষ্ট আদালত পুলিশের কর্মকর্তা এসআই মো. আতিক এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তাদের জবানবন্দির বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাহরুফ ও জাকির দুইজনই বলেছেন, তারা আট-নয়জন মিলে আশুলিয়া এলাকায় একটি ‘গ্যাং’ হিসেবে কাজ করে। তাদের মধ্যে ডায়মন্ড আল আমিন এই গ্যাংয়ের নেতৃত্ব দেয়। আর তাদের এই গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করে পান্ডা সুজন নামে একজন।
“গত অগাস্টের শেষ দিকে আটজন মিলে মেয়েটিকে ধর্ষণের পর এই ঘটনা মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। ডায়মন্ড আল আমিনের বাবা আবদুর রশিদ ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তাদের সবার কাছ থেকে ১০ হাজার করে টাকা নিয়েছিল। ধর্ষিতা মেয়েটি এবং তার সঙ্গে আরেকটি মেয়ে ছিল, তাদেরকে ওই টাকা দিয়ে আপস করে ফেলার কথা ছিল। কিন্তু এর মধ্যে ভিডিও প্রকাশ হয়ে যায়।
“মেয়ে দু্টি স্থানীয় পোশাক কারখানায় কাজ করে এবং আগে থেকেই ধর্ষকরা তাদের চিনত বলে স্বীকার করেছে দুই আসামি।”
এদিকে ধর্ষণের শিকার মেয়েটি এবং তার সঙ্গী কিশোরীও এ আদালতের দুইজন নারী বিচারকের কাছে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।
ঘটনা সম্পর্কে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান জিয়া জানান, গত ৩০ অগাস্ট ওই দুই কিশোরী এক চাচা ও প্রতিবেশীসহ চারজন মিলে আশুলিয়ার ভাদাইল গুলিয়ারচক এলাকায় বেড়াতে যান। এ সময় তিনজনকে মারধর করে একজনকে ধর্ষণ করে স্থানীয় কয়েকজন। পরে ভুক্তভোগীর পরিবারকে মামলা না করতে চাপ দেয় ধর্ষকদের স্বজনরা।
গত শনিবার ধর্ষণের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনা তদন্তে তৎপর হয়। বুধবার ভোরে আশুলিয়ার ভাদাইল ও নয়ারহাট এলাকা থেকে আল আমিন, জাকির ও রাকিবকে আটক করা হয়। আর মামলার ১ নম্বর আসামি সাহরুফকে ধরা হয় খুলনা থেকে।
ওই দিন রাত ১১টার দিকে কিশোরীর বড় বোন ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৪-৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেন।
এ ঘটনায় ‘সংশ্লিষ্টতা না থাকায়’ রাকিবকে ছেড়ে দেওয়া হয় বলে পরিদর্শক জিয়া জানান।
দুপুরে আদালত প্রাঙ্গণে মেয়ে ও ছেলে পক্ষের অভিভাবকদের আত্মীয়-স্বজন পরিচয় দেওয়া কয়েকজনের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের কথা হয়।
ধর্ষণের শিকার মেয়েটির মামা পরিচয় দেওয়া একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তো আপস করে ফেলার প্রস্তাব পেয়েছিলাম। আমরা রাজিও হয়ে গিয়েছিলাম। কিন্তু ওরাই তো শেষ পর্যন্ত মেটাল না। যে টাকার প্রস্তাব এসছিল তাও খুব সামান্য।”
