ধর্ষণ-নিপীড়ন: প্রতিবাদে উত্তাল শাহবাগ
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি চলছে বুধবারও; তাদের প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ।
‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ' ব্যানারে বিভিন্ন বাম সংগঠনের কর্মীরা বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। এ সময় তারা স্লোগানে স্লোগানে ধর্ষকদের বিচার দাবি করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চান।
এর আগে ‘উইমেন ফর বাংলাদেশ’ নামে আরেকটি সংগঠন বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন করে। তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার দাবি জানান।
‘ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র-জনতার’ ব্যানারে বেলা ১২টার পরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আসে কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সেখানে বলেন, “ধর্ষণের ঘটনায় জড়িত ৯৯% অপরাধী আওয়ামী লীগের কেউ না কেউ। একটি ঘটনার সুষ্ঠু বিচার হয়নি। অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। আমরা সবাই প্রতিবাদ জানাই।”
পরে জিরো পয়েন্টের সমাবেশে নূর ঘোষণা দেন, আগামী শুক্রবার বিকালে শাহবাগে 'সরকারের গুম-খুন ও ধর্ষণের বিরুদ্ধে’ গণসমাবেশ ও মশাল মিছিল করবে ‘ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র-জনতা’।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আজকের যদি ধর্ষণের বিরুদ্ধে আমরা গণ-আন্দোলন গড়ে তুলতে না পারি, এই ধর্ষণ বন্ধ হবে না। এই ধর্ষণ থেকে আমরা রেহাই পাব না।”
