২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন পাবনার এমপি নুরুজ্জামান

পাবনা-৪ আসনের উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগের মো. নুরুজ্জামান বিশ্বাস আইন প্রণেতা হিসেবে শপথ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2020, 03:10 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে নুরুজ্জমান বিশ্বাসকে শপথ পড়ান।

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু গত ২ এপ্রিল মারা গেলে পাবনার ঈশ্বরদী-আটঘরিয়া আসনটি শূন্য হয়। মহামারীর কারণে সেখানে উপনির্বাচন হয় কয়েক মাস পরে।

২৬ সেপ্টেম্বরের ওই ভোটে আওয়ামী লীগের নৌকার পার্থী নুরুজ্জামান ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বিএনপির হাবিবুর রহমান হাবিব পান ৫ হাজার ৫৭৬ ভোট।

শপথের পর নুরুজ্জামান বিশ্বাস রেওয়াজ অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিব জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত সংসদ সদস্যের স্ত্রী রোকেয়া জামানও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

সাধারণত দুই-এক জনের শপথ অনুষ্ঠান স্পিকারের নিজ অফিসেই হয়। তবে করোনাভাইরাস মাহমারীর মধ্যে সামাজিক দূরত্ব রক্ষার জন্য শপথ কক্ষেই নুরুজ্জামানের শপথের আয়োজন করা হয়।

পুরনো খবর:

পাবনায় উপ-নির্বাচন: আ.লীগের নূরুজ্জামান বিশ্বাসের জয়