২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার শুভেচ্ছা নিয়ে কুয়েতি আমিরের কাছে মোমেন

কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আস-সাবাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2020, 09:57 PM

Updated : 10 Oct 2022, 07:27 PM

সোমবারের এ সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নতুন আমিরকে অভিন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী।

একইসঙ্গে করোনাভাইরাস মহামারী গেলে নতুন আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী সদ্য প্রয়াত আমির সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে বাংলাদেশের সরকার, জনগণ ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক জানান।

শেখ সাবাহ’র মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টিও নতুন আমিরকে এ সময় অবহিত করা হয়।

প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার জন্য কুয়েতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বৈঠকে মোমেন বলেন, “প্রাক্তন আমির প্রবাসী বাংলাদেশিদের প্রতি অত্যন্ত উদার ছিলেন।”

তিনি আরও বলেন, “১৯৭৪ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও সদ্যপ্রয়াত আমির শেখ সাবাহ বাংলাদেশে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসির সম্মেলনে নিয়ে গিয়েছিলেন।

“এটা বাংলাদেশ ও কুয়েতের সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা এবং এরপর অনেক মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়।”

এ সময় নতুন আমিরকে লেখা বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের দুটি চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী। পৃথক চিঠিতে সদ্য প্রয়াত আমিরের মৃত্যুতে শোক প্রকাশ ও নতুন আমিরকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দুই দিনের সফরে কুয়েতে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।