২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতের ফ্লাইট চালু হবে কি না, জানা যাবে দুদিন পর

করোনাভাইরাস মহামারীর মধ্যে ছুটিতে এসে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে কুয়েতের সঙ্গে ফ্লাইট পুনরায় চালু হবে কি না, তা জানা যাবে দুই দিন পর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2020, 09:20 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

কুয়েত সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে সোমবার এ কথা জানান উপসাগারীয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-মোহাম্মেদ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ‘দ্রুততম’ সময়ে ফ্লাইট চালু করতে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের অনুরোধের জবাবে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে দুই দিন পর সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

ফ্লাইট চালু না হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তার বিষয়টি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ সময় তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

বাংলাদেশে তেল পরিশোধনাগার স্থাপন করতে কুয়েতের প্রতি আহ্বান জানানোর জবাবে এক্ষেত্রে কুয়েতের পক্ষ থেকে বিনিয়োগের আগ্রহ দেখানোর কথা উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

একইসঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল এবং হাই টেক পার্কে কুয়েতকে বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের ডাক্তার, নার্স এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ ব্যক্তিরা কুয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করার পাশাপাশি বাংলাদেশের শ্রমিকদের কৃষি কাজে নিয়োগের আহ্বান জানান তিনি।

এ সময় কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের দক্ষতার প্রশংসা করেছেন বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে কুয়েতের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান আহমাদ নাসের।