গ্রামীণ কমিউনিকেশন্সে চাকরিচ্যুতি: ৫ মামলায় স্থগিতাদেশ বহাল
গ্রামীণ ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্স থেকে চাকরিচ্যুতি নিয়ে শ্রম আদালতের পাঁচ মামলায় হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
হাই কোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আবেদন নিষ্পত্তি করে বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন বিচারেকর ভার্চুয়াল আপিল বেঞ্চ সোমবার এ স্থগিতাদেশ দেয়।
গ্রামীণ কমিউনিকেশন্স অর্থাৎ মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান। সরকারের আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
গ্রামীণ কমিউনিকেশন্স থেকে চাকরিচ্যুত করায় গত বছর ৩ জুলাই শ্রম আদালতে পাঁচটি মামলা করেন গ্রামীণ কমিউনিকেশন্সের জুনিয়র এমআইএস অফিসার (কম্পিউটার অপারেটর) আব্দুস সালাম, শাহ আলম, এমরানুল হক, হোসাইন আহমদ ও আব্দুল গফুর।
তাদের মধ্যে শাহ আলম প্রস্তাবিত গ্রামীণ কমিউনিকেশন্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক, আব্দুস সালাম প্রচার সম্পাদক এবং এমরানুল সদস্য পদে ছিলেন।
ইউনিয়ন গঠন করার কারণে তাদের ‘বেআইনিভাবে’ চাকরিচ্যুত করা হয় বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
গ্রামীণ কমিউনিকেশন্সের চেয়ারম্যান ইউনূসের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীনকে এসব মামলায় আসামি করা হয়।
এর মধ্যে তিন মামলায় তৃতীয় শ্রম আদালত গত বছর ৮ অক্টোবর তিন আসামিকে হাজিরের নির্দেশ দিয়ে সমন জারি করে।
সে অনুযায়ী নাজনীন সুলতানা ও আবু আবেদীন পরদিন আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে তাদের জামিন দেন বিচারক।
তখন বিদেশে থাকা নোবেলজয়ী ইউনূস ৩ নভেম্বর শ্রম আদালতে আত্মসমর্পণ করে পাঁচ মামলায়ই জামিন নেন।
জামিন পাওয়ার পর চলতি বছর মামলা বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করলে গত ৪ মার্চ হাই কোর্ট মামলা বাতিল প্রশ্নে রুল জারি করে স্থগিতাদেশ দেয়।
এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে সরকার। সে আবেদনের নিষ্পত্তি করে দিয়েছে আপিল বিভাগ।
মোস্তাফিজুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী এই অপরাধের জন্য যদি কোনো নালিশি মামলা করতে হয় সেক্ষেত্রে শ্রম অধিদপ্তরকে মামলা করতে হবে। ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে মামলা করতে পারেন না। এই বিবেচনায় আমরা হাই কোর্টে মামলা বাতিল চেয়ে আবেদন করি। গত ৪ মার্চ হাই কোর্ট থেকে রুলসহ স্থগিতাদেশ পাই।
“এই স্থগিতাদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে আবেদন করে। পাঁচটি আবেদন আজকে আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। আপিল বিভাগ শুনানি শেষে বলেছে, হাই কোর্ট দ্রুত যেন মামলাটি নিষ্পত্তি করে দেয়।”
কিন্তু হাই কোর্টের যে অন্তর্বর্তী আদেশ ছিল শ্রম আদালতের মামলা স্থগিত করে, সেটির উপর কোনো রকম হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ।
“তার মানে মামলার কার্যক্রমের উপর হাই কোর্টের স্থগিতাদেশ বহাল থাকছে,” বলেন এই আইনজীবী।
