কনডেম সেলের বন্দি ১৯০৪, মিন্নিসহ নারী ৪৯
দেশের কারাগারগুলোতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন এক হাজার ৯০৪ জন, যাদের মধ্যে নারী রয়েছেন ৪৯ জন।
কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রাখা হয় বিশেষ কক্ষে, যা কনডেম সেল নামে পরিচিত। কারা অধিদপ্তরের হিসাবে এসব সেলে এখন মোট এক হাজার ৮৯৮ জন আসামি আছেন, সর্বশেষ বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের নাম এখনও এই তালিকায় যুক্ত হয়নি।
মিন্নিকে নিয়ে কনডেম সেলে থাকা নারীর সংখ্যা ৪৯ জনে দাঁড়িয়েছে বলে কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) তৌহিদুল ইসলাম জানিয়েছেন।
তিনি শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে এখন পর্যন্ত কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি।”
বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় গত বুধবার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। রায় ঘোষণার পর মিন্নিকে নেওয়া হয় কারাগারে, যেখানকার কনডেম সেলে রাখা হয়েছে তাকে।
“ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ১ হাজার ৮৯৮ জন। এদের মধ্যে পুরুষ ১৮৫০ আর নারী ৪৮ জন। বরগুনার মিন্নিসহ ছয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির হিসাব এখানে যোগ হয়নি।”
অটোমেশন সিস্টেম না থাকায় রোববার তাদের নাম তালিকায় যুক্ত হবে বলে জানান তিনি।
একটি জেলা কারাগারের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কনডেম সেলে কোনো সিলিং ফ্যান থাকে না। থাকা-খাওয়া গোসল ভেতরে করতে হয়। এই আসামিদের সপ্তাহে একদিন বারান্দায় হাঁটাহাঁটি করতে দেওয়া হয়।
মাসে একদিন দর্শনার্থীদের সঙ্গে দেখা করার সুযোগ পান তারা। তবে বিশেষ বিবেচনায় কখনও কখনও ১৫ দিনেও দর্শনার্থীর দেখা পান কেউ কেউ।
