২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনসিসির পাঁচটি পার্ক দখলমুক্ত

বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে থাকা পাঁচটি পার্ক দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2020, 10:48 PM

Updated : 10 Oct 2022, 07:26 PM

বুধবার রাজধানীর বনানী পূজা মাঠ, বনানী সি-ব্লক পার্ক, মোহাম্মদপুর ত্রিকোণ পার্ক, শিয়া মসজিদ পার্কে অভিযান চালিয়ে এসব পার্কের বিভিন্ন অবৈধ অংশ দখলমুক্ত করেছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

দীর্ঘদিন ধরে এই পাঁচটি পার্ক ও খেলার মাঠ অবৈধ দখলে থাকায় এগুলোর আধুনিকায়ন ব্যাহত হচ্ছিল বলে জানিয়েছে ডিএনসিসি।

২৮ সেপ্টেম্বর গুলশান শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিন ‘পরম্পরা' অনুষ্ঠানে ৩ অক্টোবরের মধ্যে পার্ক ও খেলার মাঠের সকল অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসি জানিয়েছে, বনানী পূজা মাঠে একটি রাজনৈতিক দলের কার্যালয়, বনানী সি-ব্লক পার্কে অবৈধভাবে ডেসকোর পরিত্যক্ত সাবস্টেশন-অফিস রুম এবং বনানী সোসাইটির গার্ড শেড স্থাপন করা হয়েছিল। মোহাম্মদপুর ত্রিকোণ পার্কে অবৈধভাবে একটি রাজনৈতিক দলের কার্যালয়, রিকশার গ্যারেজ ও নার্সারি স্থাপন করা হয়েছিল। শিয়া মসজিদ পার্কে করা হয়েছিলে ক্লাব ঘর, বিভিন্ন টং দোকান, রিকশা গ্যারেজ। উদয়াচল পার্কেও একটি ক্লাব করা হয়েছিল।

মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ডিএননসিসি অঞ্চল-৫ এর নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন। বনানীতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পার্কগুলো দখলমুক্ত করায় এখন সেখানে উন্নয়ন কাজ চালাতে আর কোনো বাধা থাকলো না।

“প্রায় সবগুলো পার্কের দখলের চিত্রই এক রকম। রাজনৈতিক দলের কার্যালয়, অবৈধ দোকানপাট, গ্যারেজ এসব দিয়ে পার্ক দখল করা হয়েছিল। বুধবার আমরা এসব উচ্ছেদ করেছি। উদয়াচল পার্কে আগামীকাল অভিযান চালানোর প্রস্তুতি ছিল। কিন্তু শুক্রবার পার্কটি দখল করে রাখা ব্যক্তিরা নিজেরাই সবকিছু সরিয়ে নিয়েছে।”