২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী পিএসসি চেয়ারম্যানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2020, 08:58 PM

Updated : 08 Apr 2022, 01:21 AM

বুধবার বিকেলে পিএসসির বিদায়ী চেয়ারম্যান বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পিএসসির বিদায়ী চেয়ারম্যান দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার কর্মকালে গৃহীত পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

মোহাম্মদ সাদিক বলেন, বর্তমানে বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষা কার্যক্রমের সময় ‘অনেকাংশে কমিয়ে আনতে’ সক্ষম হয়েছে পিএসসি।

“এছাড়া নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনা সম্ভব হয়েছে এবং পিএসসির প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হয়েছে।”

প্রেস সচিব বলেন, ‘সফলভাবে দায়িত্ব পালনের জন্য’ পিএসসি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

“তার সময়ে পিএসসিতে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রমেও সহায়ক হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।”

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

পিএসসির চেয়ারম্যান পদে সাদিকের চাকরির মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার জায়গায় আসছেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন, যিনি এক সময় শিক্ষা সচিব ছিলেন।