২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধীর সঙ্গে সম্পর্ক থাকলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

কোনো অপরাধীর সঙ্গে সম্পর্ক না গড়তে পুলিশ সদস্যদের হুঁশিয়ার করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2020, 07:41 PM

Updated : 18 Aug 2022, 03:46 PM

তিনি বলেছেন, “যদি কোনো পুলিশ সদস্যদের সঙ্গে কোনো অপরাধীর সম্পর্ক থেকে থাকে, তবে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সোমবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ঢাকা মহানগর পুলিশের মাসিক সভায় একথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, “কোনো পুলিশ সদস্যের আচরণগত কারণে যেন আমাদের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।”

ডিএমপি কমিশনার মনে করেন, দেশের প্রচলিত আইন শতভাগ অনুসরণ করে দায়িত্ব পালন করলে পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ও ভালবাসা বাড়বে।

শফিকুল বলেন, “করোনা পরিস্থিতি আমরা কাটিয়ে উঠেছি। এখন আমাদের পুরোদমে কাজ করতে হবে।

“আমাদের যে ডাটাবেজ আছে তাতে অপরাধীদের সম্পূর্ণ তথ্য সরবরাহ করতে হবে। কোনো অফিসার যদি তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়, তবে তাকে তদন্তকার্য থেকে বিরত রাখা হবে।”

Image
মোহা. শফিকুল ইসলাম (ফাইল ছবি)

মোহা. শফিকুল ইসলাম (ফাইল ছবি)

মাদক নির্মূল করতে মাদকসেবীদের তালিকা করে তাদের পরিবারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

“তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেজন্য তাদের সবরকম সহযোগিতা করতে হবে। প্রয়োজনে তাদের পরিবারের সঙ্গে কথা বলে তাদের সংশোধনাগারে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এরপরও মাদকসেবীরা সংশোধন না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

আগস্ট ২০২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিশনার।
ডিএমপির ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে গুলশান বিভাগ, ডিএমপির গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ এবং ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে গুলশান বিভাগ।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।