২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহেদের অস্ত্র মামলায় ৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2020, 06:45 PM

Updated : 18 Aug 2022, 03:46 PM

রোববার ঢাকার ১ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক কেএম ইমরুল কায়েশের আদালতে সাক্ষ্য দেন এডিসি বদরুজ্জামান, এসআই কবির হোসেন, চান মিয়া ও নিজামুল।

এদিন তার আগে মামলার বাদী ডিবির পরিদর্শক এসএম গাফফারুল আলমকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবীরা।

অতিরিক্ত উপ-কমিশনার বদরুজ্জামানের নেতৃত্বে সাহেদের অস্ত্রটি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছিল।

এর মাধ্যমে রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষ হল। বিচারক পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য সোমবার দিন ঠিক করেছেন।

গত ২৭ আগস্ট একই আদালত এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে সাহেদের বিচার শুরুর নির্দেশ দেয়।

এর আগে গত ৩০ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. সাইরুল অভিযোগপত্র দাখিল করেন।

রিজেন্ট হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় গোয়েন্দা পুলিশের রিমান্ডে থাকার সময় ১৮ জুলাই রাতে সাহেদকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে তার একটি গাড়ি থেকে গুলিসহ একটি পিস্তল এবং কিছু মাদক জব্দ করা হয়।  ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে এই মামলা করে পুলিশ।

অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দায়ের করা এই মামলায় দোষী সাব্যস্ত হলে সবোর্চ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

সাহেদকে গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এখনও কারাগারে রয়েছেন।

পুরনো খবর:

অস্ত্র মামলা: সাহেদের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন বাদী