দুদকের মামলায় তুফান কেন জামিন পাবেন না, হাই কোর্টের প্রশ্ন
ধর্ষণ-নির্যাতনের পর মা-মেয়ের মাথা মুণ্ডনের অভিযোগে আলোচনায় আসা বগুড়ার বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে দুদকের মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
তুফান সরকারের আবেদনের শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ রুল জারি করে।
তুফান সরকার
তুফান সরকারের বিরুদ্ধে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। সেখানে অবৈধভাবে ১ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকার মালিক হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
ওই মামলায় বগুড়ার জজ আদালত গত ১৯ জানুয়ারি তুফানের জামিন আবেদন নাকচ হয়। সেই আদেশের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে হাই কোর্টে আবেদন করেন তুফান।
আইনজীবী সগির হোসেন লিওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে সর্বোচ্চ সাজা ১০ বছর। আর সর্বনিম্ন ৩ বছর। তুফান সরকার ২০১৭ সাল থেকে কারাবন্দি। অর্থাৎ, এই মামলায় যদি তার সর্বনিম্ন সাজা হয়, তাহলে সেটি তিনি খেটে ফেলেছেন।
“বিচার শেষ হওয়ার আগে সর্বনিম্ন সাজা খাটা হয়ে গেলে সাধারণত হাই কোর্ট সে আসামিকে জামিন দেয়। তাছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে না পারলে সে আসামি জামিন পাওয়ার অধিকার রাখেন। মামলাটি এখনও তদন্তাধীন। হাই কোর্ট তাকে জামিন না দিয়ে তার জামিন প্রশ্নে রুল জারি করেছে।”
ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতনের মামলায় ২০১৭ সালের ২৯ জুলাই থেকে কারাগারে আছেন তুফান সরকার। ওই মামলায় গত ২২ জুন তুফান সরকারকে জামিন দেয়নি হাই কোর্ট।
এর আগে গত বছর ২৭ ফেব্রুয়ারি তুফান সরকারের জামিন আবেদন খারিজ করে দিয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ধর্ষণের মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
২০১৮ সালের ১০ অক্টোবর ওই মামলায় তুফানসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ।
