২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনওর ওপর হামলার পেছনে কারা, বের করা হবে: প্রধানমন্ত্রী

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার পেছনের কারণ উদঘাটনের সঙ্গে হামলায় মদদদাতাদেরও খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2020, 02:13 PM

Updated : 10 Oct 2022, 07:23 PM

বুধবার সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য হারুনূর রশিদের সম্পূরক প্রশ্নে তিনি বলেন, “ইতিমধ্যে ইউএনওর যেই ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু তদন্ত করে দোষীদের কিন্তু গ্রেপ্তার করাও হয়েছে, গ্রেপ্তার করা হচ্ছে এবং বিষয়টা কি খতিয়ে দেখা হচ্ছে। কিছু কিছু বলছে যে চুরি করার জন্য…শুধু চুরি না, এরসঙ্গে আরও কি কি ঘটনা থাকতে পারে সেগুলোও কিন্তু যথাযথভাবে দেখা হচ্ছে।”

গত বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়।

গুরুতর আহত ওয়াহিদাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাকে ঢাকায় এনে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাথায় অস্ত্রোপচারের পর বর্তমানে তার ওয়াহিদার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সোমবার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে।

ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় ভাই শেখ ফরিদ অজ্ঞাতনামাদের আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে যে মামলা করেছেন তাতে এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের মধ্যে আসামি আসাদুল ঘোড়াঘাট উপজেলা যুবলীগের সদস্য ছিলেন। হামলার ঘটনায় গ্রেপ্তারের পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

হামলার পর ওয়াহিদা খানমকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা, তার চিকিৎসা থেকে শুরু করে সব ব্যবস্থা সরকার করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমি আগেই বলেছি অপরাধী আমার চোখে অপরাধী। সে কোন দলের কে, কি আমি কিন্তু সেটা বিচার করি না। সেটা আপনারা দেখেছেন।

“প্রথম কথা আমি অপরাধীকে অপরাধী হিসেবে দেখি। সেখানে যদি আমার দলেরও লোক হয়, সমর্থক হয় তাকেও আমি ছাড়ি না, ছাড়ব না- এটা হল আমার নীতি। সেই নীতি নিয়ে আমি চলছি। ইতিমধ্যে যারা ধরা পড়েছে… তদন্ত করা হচ্ছে। পাশপাশি আরও তদন্ত করা হচ্ছে যে এই ঘটনার মূলে কি আছে? কেন এই ধরনের একটা ঘটনা ঘটল?”

করোনাভাইরাস মোকাবেলাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাজের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, “যারা এত আন্তরিকতার সাথে কাজ করেছে তাদেরকে এইভাবে আঘাত করে এটা তো কখনও গ্রহণযোগ্য না। ইতিমধ্যে অপরাধী শনাক্ত করা বা তাদেরকে ধরা হয়েছে এবং এর পেছনে তাদের সঙ্গে আরও কারা কারা আছে, কাদের মদদে করেছে, সেটাও কিন্তু তদন্ত করা হচ্ছে। এটা খুব ভালোভাবেই তদন্ত হচ্ছে। তদন্তে কোনো ঘাটতি নেই এবং ঘাটতি হবে না। অপরাধী ঠিকই শাস্তি পাবে। সেই ব্যবস্থা করব, অন্তত এইটুকু আমি বলতে পারি।”

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আমাদের কেউ যেন…আপনারাও যারা সংসদ সদস্য আছেন, তাদের কাছেও অনুরোধ থাকবে, মাননীয় সংসদ সদস্যরাও যেন এ ধরনের অপরাধীদের কখনও রক্ষা করার চেষ্টা না করেন। অপরাধ যে করে আর অপরাধীকে যে রক্ষা করে, সমানভাবেই তারা দোষী।”

ইউএনওর ওপর হামলা: সাত দিনের রিমান্ডে আসাদুল

ওয়াহিদা খানম আইসিইউ থেকে এইচডিইউতে  

সংসদে প্রশ্ন করতে গিয়ে হারুনূর রশিদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “প্রধানমন্ত্রীর কাছে উত্তর চাইলে তিনি শুধু আমাদের পেছনের অতীত..ওই ১৪ বছর ..২০ বছরের অতীত…আমি মনে করি টানার দরকার নাই। ১৪ বছর ধরে বিএনপি ক্ষমতায় নাই। ১৪ বছর থেকে তো আওয়ামী লীগই ক্ষমতায়। এখন বর্তমান নিয়ে, ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বললে আমার মনে হয় বেশি ভালো হবে।”

এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, “তিনি বলছেন, অতীত নিয়ে টেনে কথা বলি কেন? অতীত থেকে শিক্ষা নিয়েই আগামী দিনে চলার পথ নির্দিষ্ট করতে হবে। তা নইলে শিক্ষা হয় না। যে কারণেই অতীতকে স্মরণ করতে হয়।

“এখানে অতীত নিয়ে কথা না। ১৯৯১ সালে ঘুর্ণিঝড়ের কথা আমি বলেছি। সেই ঘূর্ণিঝড়ের তিক্ত অভিজ্ঞতা আমরা তো দেখেছি। কত অবহেলার শিকার ছিল এদেশের মানুষ। ঠিক ১৯৭০ এ ঘূর্ণিঝড়ের পর যেরকম মানুষ অবহেলিত ছিল।

“সেসময় আমরা বিরোধী দলে থেকে, আমরাই আগে সেই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। তারপরে সরকার গিয়েছিল। সরকার তো ঘুমাচ্ছিল। আর এই পার্লামেন্টে বলেছিল যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। এটা বিএনপি আর খালেদা জিয়ার বক্তব্য ছিল। এটা হল দুর্ভাগ্য। আমি ওটাই বলব অতীতকে স্মরণ করতে হবে তো। সেখান থেকে শিক্ষা নিতে হবে।”

প্রশ্নোত্তরে বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, “সাগর-রুনি হত্যার পর শুনেছিলাম বেডরুম পাহারা দেয়ার দায়িত্ব আমাদের নয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা ওয়াহিদা খানমকে সরকারি বাসভবনে নিজের বেড রুমে মারত্মকভাবে জখম করা হয়েছে। আমার প্রশ্ন এই কর্মকর্তার বেডরুম পাহারা দেয়ার দায়িত্ব কার ছিল? আর বেডরুম নয়, নিজের দেশ আর দেশবাসীর পাহারা দেয়ার দায়িত্বটা কার?”

Image
জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “কথাটা তো বাস্তব, এভাবে ঘরে ঘরে, বেডরুমে বেডরুমে কেউ পাহারা দিতে পারে না। তারপরও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবং দেশে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য যথযথ ব্যবস্থা নেয়ার জন্য সব সময় সজাগ রয়েছি, ব্যবস্থা নিচ্ছি।

“ইউএনও ওয়াহিদার ক্ষেত্রে যেটা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। বাড়ির ভেতরে ঢুকে এভাবে আক্রমণ করা বা হাতুড়ি দিয়ে পিটানো..। চোর ঢোকে চুরি করতে কিন্তু এভাবে একজন সরকারি কর্মচারীর ওপর হামলা করা এটা অত্যন্ত গর্হিত কাজ এতে কোনো সন্দেহ নেই। এর বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।”

প্রধানমন্ত্রী এ সময় জাতির পিতাকে পরিবারের কয়েকজন সদস্যসহ হত্যা ও পরবর্তী সরকারের খুনিদের রক্ষার চেষ্টার প্রসঙ্গ টেনে বলেন, “একটা কথা আপনারা জানেন বাংলাদেশে কী ঘটনাটা না ঘটেছে? পঁচাত্তরের ১৫ অগাস্ট তো ঘরে ঢুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন, তার গোটা পরিবারকেই হত্যা করা হয়েছে।

“সেই খুনিদেরকে ইনডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে মুক্তি দেয়া হয়েছে। সেই খুনি ক্রিমিনালকে যখন প্রশ্রয় দেয়া, হয় মানসিকভাবে সেই দেশের মানুষের কী রকম চরিত্র হতে পারে? সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। সেখান থেকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসা, ডিসিপ্লিনে নিয়ে আসা এবং অন্যায়কারীদের যেন শাস্তি হয়, বিচার হয় সেই ব্যবস্থা নেয়া, এটা সব থেকে বড় কাজ। ঘটনা যেকোনো সময়ে ঘটতে পারে। কিন্তু সেই ঘটনার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি কীনা, সেটাই হচ্ছে বড় প্রশ্ন।”

তিনি বলেন, “যে দেশে খুনিদের পুরস্কৃত করা হয় দূতাবাসে চাকরি দিয়ে, যে দেশে অন্যায়কে প্রশ্রয় দেয়া হয়েছে- এমন অবস্থা ছিল, সেই দেশটাকে ডিসিপ্লিনে ফিরিয়ে আনা, সেই দেশকে নিয়ন্ত্রণে এনে নিয়মমাফিক চলানো খুব কঠিন একটা দায়িত্ব। সেই দায়িত্বটা তো আমরা সরকারে আসার পর পালন করে যাচ্ছি। যেখানে ৫০০টা বোমা হামলা হয়েছে, প্রকাশ্যে সন্ত্রাসী-অস্ত্রধারীরা অস্ত্র নিয়ে মিছিল করেছে। এই ধরনের বহু ঘটনা তো আমাদের দেশে ছিল। কিন্তু সেইগুলো আমরা আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ে এসে মানুষের জানমালের নিরাপত্তা নেয়ার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি। তারপর এত জনসংখ্যা, এত ঘনবসতির একটি দেশে খুব কঠিন একটা কাজ। তারপরও কিন্তু আমরা করে যাচ্ছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা যথেষ্ট সক্রিয় আছে। যখনই যে ঘটনা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিই।”