সাহারা-ইসরাফিল-প্রণবের মৃত্যুতে শোক প্রস্তাব সংসদের
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ।
এছাড়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক জানিয়েছে সংসদ।
দেশে-বিদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী, নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ ও লেবাননে বিস্ফোরণে নিহতদের জন্যও শোক জানিয়েছে সংসদ।
রোববার বর্তমান সরকারের এই দুই সংসদ সদস্যসহ অন্যদের মৃত্যুতে স্পিকারের আনা শোকপ্রস্তাব সংসদে সর্বসম্মতক্রমে গ্রহণ করা হয়।
এর আগে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর সংসদ নেতা প্রধানমন্ত্রীসহ সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য রাখেন।
মৃত ব্যক্তিদের স্মরণ করে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য রুহুল আমীন মাদানী।
রেওয়াজ অনুযায়ী পরে সংসদের বৈঠক সোমবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়। চলতি সংসদের কোনো সদস্য মারা গেলে সংসদে আনা শোকপ্রস্তাবের ওপর আলোচনা হয়। রেওয়াজ অনুযায়ী ওই দিনের বৈঠক মুলতবি করা হয়।
প্রধানমন্ত্রী ছাড়াও শোক প্রস্তাবের ওপর আলোচনায় আরও অংশ নেন বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুল মতিন খসরু, শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, শামসুজ্জামান দুদু, বিরোধী দলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গা ও বিএনপির হারুনুর রশীদ।
সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ, এইচ এম এ গাফ্ফার, আবুল কাশেম, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, টি এম গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক হুইপ মো. আশরাফ হোসেন, সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান, আ ন ম নজরুল ইসলাম, শেখ মো. নুরুল হক, এ টি এম আলমগীর, সুলতান উদ্দিন ভূইয়া, শাহজাহান আলী তালুকদার, সাইফুল আযম, কমরুদ্দিন এহিয়া খান মজলিস ও ইঞ্জিনিয়ার শামছউদ্দিন আহমদেনর মৃত্যুতে সংসদ শোক জানিয়েছে।
সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত, সেক্টর কমান্ডার অবু ওসমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমেদ কামরান, প্রতিরক্ষ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, আইন সচিব নরেন দাস, সাবেক আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল, বিশিষ্ট চিত্র শিল্পী মুর্তজা বশীর, সাংবাদিক কামাল লোহানী, রাহাত খান, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আকরামুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু, সংসদ সদস্য সাইফুজ্জামানের মা ও মাগুরা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা জামান, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, ভাষা সংগ্রামী ডা. সাঈদ হায়দার, একুশে পদকপ্রাপ্ত আলাকচিত্রী সাইদা খানম, সঙ্গীত ব্যক্তিত্ব সুরকার আলাউদ্দিন আলী, কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, ভাস্কর মৃনাল হক, টেলিভিশন ব্যক্তিত্ব বরকতউল্লাহ, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের একান্ত সচিব ও ছোট ভাই আব্দুল হাইয়ের মুত্যুতে শোক জানানো হয়।
এছাড়া ভারতের কেরালার কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় নিহতের স্মরণে শোক ও দুঃখ প্রকাশ করেছে সংসদ।
