অধ্যাপক মিজানের বিরুদ্ধে মামলা হবে- তা বলিনি: ইসি সচিব
ডা. সাবরিনা শারমিন ওরফে সাবরিনা আরিফের দ্বিতীয়বার ভোটার হওয়া নিয়ে অধ্যাপক মিজানুর রহমানকে জড়িয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরাসরি কিছু বলেননি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান শুক্রবার এক বিবৃতিতে তাকে জড়িয়ে বক্তব্যের জন্য নির্বাচন কমিশনের সচিব এবং এনআইডি উইংয়ের একজন টেকনিক্যাল এক্সপার্টকে ক্ষমা চাইতে বলার পরদিন একথা বললেন তিনি।
ইসি সচিব মো. আলমগীর শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি যা বলেছি তা রেকর্ডেড। এখানে লুকানোর কিছু নেই। যদি কেউ চাপ প্রয়োগ করে বা অন্যায় কাজ করতে বাধ্য করে বা করতে না চাইলে জোর করে বা প্রভাব খাটায় তাহলে তা অন্যায়। তখন ভোটার তালিকা আইন অনুযায়ী মামলা হবেই। কিন্তু মিজান সাহেবের ব্যাপারে নাম ধরে আমি কিছু বলিনি। মিজান সাহেবের বিরুদ্ধে মামলা হবে- এ ধরনের কিছু বলিনি।”
অধ্যাপক মিজানুর রহমানের ভিজিটিং কার্ড ব্যবহার করে সাবরিনার দ্বিতীয়বার ভোটার হওয়া নিয়ে বেসরকারি টিভি চ্যানেল সময় টিভিতে একটি প্রতিবেদনে এনআইডি উইংয়ের একজন টেকিনিক্যাল এক্সপার্টের বক্তব্য প্রচারিত হয়। সেখানে ইসির জ্যেষ্ঠ সচিবের তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা উঠে আসে।
এ নিয়ে ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক মিজানুর রহমান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আজ পর্যন্ত নির্বাচন কমিশনে পা দিইনি। মিথ্যা মনগড়া কথা।
“আমার সারা জীবনের অর্জনটাকে ধুলিস্যাৎ করে দেওয়া। ক্ষমা না চাইলে আমি তো ব্যবস্থা নিতে বাধ্য হব, অবশ্যই।”
অধ্যাপক মিজানুর রহমান (ফাইল ছবি)
বৃহস্পতিবার উপনির্বাচনের তফসিল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরের পুরো বক্তব্যে অধ্যাপক মিজানুর রহমানের ‘মানহানিকর’ কোনো কথা বলা হয়নি বলে দাবি করেন তিনি।
“আমি যা বলার বলেছি তা রেকর্ডেড। কিন্তু আমার তো মনে পড়ে না আমি কাউকে (এমন) কিছু বলেছি।”
‘ভুল উপস্থাপন’ সংবাদ প্রতিবেদনে
সময় টেলিভিশনকে সংবাদ প্রতিবেদনটি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, “এভাবে রিপোর্টিং করা যায় কি না জানি না। জার্নালিজমের মিনিমাম নীতিমালায় এটা করা যায় না।”
ওই টিভি প্রতিবেদনে বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে মনে করেন ইসি সচিবও।
তিনি বলেন, “সময় টিভি যেভাবে করেছে তা মনে হয় উনাকেই বলা হয়েছে। সময় টিভির প্রেজেন্টেশনটা বরং ঠিক হয়নি। তারা এডিট করে যেভাবে করেছে তাতে মনে হয়, আমি হলেও তাই করতাম। আমি যদি মিজান স্যারের জায়গায় থাকতাম তাহলে তা-ই দেখতাম বিষয়টা। আমি বলেছি যে কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে মামলা হবে। মিজান সাহেবের বিরুদ্ধে মামলা হবে এমন বলিনি। কারও নাম ধরে তো বলা হয়নি।”
ইসি সচিব বলেন, “সাবরিনার ভোটার হওয়ার আবেদনে অধ্যাপক মিজানুর রহমানের ভিজিটিং কার্ড পেলেই তদবির করা হয়েছে এটা তো বলা যাবে না।
“ভিআইপি কিংবা আমারও কার্ড যদি কাউকে দিই অন্যজন কী ধরনের ব্যবহার করবে না করবে উনি তো জানেন না। উনার দোষ হবে কেন?... আমাকে যখন এ বিষয়ে সাংবাদিক প্রশ্ন করে আমি বার বার বলেছি, এটা যে কেউই। মিজান সাহেব কেন? জোর করে প্রভাব খাটিয়ে যদি এ রকম করে তার বিরুদ্ধে ভোটার তালিকা আইন অনুযায়ী মামলা করা যায়। এটা ভিন্ন জিনিস।”
সাবরিনার দ্বিতীয়বার ভোটার হওয়ার ঘটনা খতিয়ে দেখতে এনআইডি উইং গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পেতেও সময় লাগবে বলে জানান সচিব।
মো. আলমগীর বলেন, “সাবরিনার এনআইডি বিষয়ে আপনারা আগেই জানেন মামলা হয়েছে। দুদক যা যা জানতে চেয়েছে জানিয়ে দিয়েছি। আর একটা তদন্ত কমিটি করা হয়েছে। এ সংক্রান্ত রিপোর্ট এলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এ কমিটিতে ইসির বাইরের প্রতিনিধি চাওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেতে সময় লাগবে।”
