২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: পাবনা-৪ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বদল

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পাবনা-৪ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2020, 11:05 PM

Updated : 18 Aug 2022, 03:43 PM

গত ২৩ অগাস্ট তফসিল ঘোষণার সময় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিয়েছিলেন নির্বাচন কমিশন। 

তবে তিনি কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় বুধবার তাকে সরিয়ে পাবনা জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

লতিফ বিডিনিউজ টোয়েূন্টিফোর ডটকমকে বলেন, “রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। আমাকে রিটার্নিং অফিসার করা হয়েছে।”

পাশাপাশি রাজশাহী অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান ও পাবনা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনকে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

ফরিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট পাওয়ার পর কমিশনে তা জানানো হয়। এখন দুর্বল অনুভব করছি, বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি।”

৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

ঘোষিত তফসিল অনুযায়ী, এ উপ নির্বাচনে আগ্রহী প্রর্থীরা ২ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

৩ সেপ্টেম্বর বাছাইয়ের পর ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। সব শেষে ভোট হবে ২৬ সেপ্টেম্বর।

 লতিফ শেখ জানান, বুধবার তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের মো. নুরুজ্জামান বিশ্বাস, বিএনপির হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টির রেজাউল করিম।

বৃহস্পতিবার ঢাকা-৫ ও নওগাঁ-৬ এর তফসিল

 ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ইতোধ্যে জানান, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ১৭ অক্টোবর করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

তিনি জানান, বৃহস্পতিবার এ দুটি উপ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের সময় জানিয়ে তফসিল দেওয়া হবে।

 ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন এবং ২৮ জুলাই ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।

এছাড়া ১৩ জুন মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসন এবং ৯ জুলাই সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়েছে।

পুরনো খবর:

পাবনা-৪ আসনের উপ নির্বাচন ২৬ সেপ্টেম্বর