পুলিশের আবাসনে দুটি ২০ তলা ভবন হচ্ছে
পুলিশের আবাসন সমস্যা সমাধানে ঢাকা ও চট্টগ্রামে দুটি ২০ তলা আবাসিক ভবন নির্মাণে সায় দিয়েছে সরকার।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে অর্থমন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, সভায় মোট ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। এসব ক্রয় প্রস্তাবের মোট অর্থের পরিমাণ এক হাজার ৭৯৫ কোটি ১৬ লাখ টাকা। এ টাকার মধ্যে দেশীয় বিভিন্ন ব্যাংক থেকে ঋণ হিসেবে ১ হাজার ১৬৪ কোটি ৪৭ লাখ টাকা নেওয়া হবে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল বলেন, “পুলিশ লাইনস্ ঢাকায় ২০ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের জন্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান পদ্মা অ্যাসোসিয়েটস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংকে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৮২ কোটি ৬৩ লাখ ২১ হাজার ৬২৫ টাকা।”
এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২য় পুলিশ লাইনস্ ২০ তলা আবাসিক ভবন নির্মাণ কাজে বিবিএল এবং ডিইসিএলের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৮১ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ১৮৯ টাকা।”
এই দুই ভবন হলে পুলিশের আবাসন সমস্যা কিছুটা লাঘব হবে হবে বলে মনে করছে সরকার।
এছাড়া সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় পেট্রোবাংলাকে সিঙ্গাপুরের ভিটল এশিয়া থেকে ৩৪ লাখ ৯০ হাজার ২০০ এমএমবিটিই এলএনজি ১৩২ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সংবাদ সম্মেলনের শুরুতে অর্থমন্ত্রী বলেন, “এই প্রথম স্পট মার্কেট থেকে এলএনজি পারচেইজ করা হয়েছে।”
এছাড়া সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণে কনটেক কন্সট্রাকশন থেকে ১ লাখ ১৯ হাজার ২১২টি এসপিসি পোল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় হবে ১৫৯ কোটি ৮৯ লাখ ৮১ হাজার ৬১৮ টাকা। এ প্রকল্প বাস্তবায়িত হবে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল অঞ্চলে।
‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ১৩ হাজার ৫৭০ কিঃমিঃ কনডাকটর বা এএসডিআর বেয়ার মেঘনা স্টার কেবল অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাপলায়েন্সের কাছ থেকে ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়। এতে ব্যয় হবে ৭৯ কোটি ১৭ লাখ ৬৬ হাজার ১৪০ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হবে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বহুতল বিশিষ্ট ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণের পরামর্শক প্রতিষ্ঠান ডেভলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট এর চুক্তির মেয়াদ ২০২২ এর সেপ্টেম্বর পর্যন্ত ২৪ মাস বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয় সভায়। এতে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত খরচ হবে ৬ কোটি ২৩ লাখ ৭০ হাজার ৩৩৫ টাকা।
অতিরিক্ত কাজ হিসেবে এখানে মূল প্রকল্পের ক্ষতিগ্রস্ত ১টি শিক্ষা প্রতিষ্ঠান, ১২টি মসজিদ এবং অতিরিক্ত ৩টি বহুতল ভবনের ডিজাইন ও নির্মাণ কাজ তদারকি করতে হচ্ছে। মেয়াদ বৃদ্ধিতে মোট ব্যয় হবে ১৮ কোটি ৭৪ লাখ টাকা।
এছাড়া সভায় মোংলা বন্দর চ্যানেলের আউট হারবার প্রকল্প এলাকায় প্রায় ৪১ দশমিক ৯৫ লাখ ঘনমিটার অতিরিক্ত ড্রেজিং করার জন্য হংকং রিভার ইঞ্জিনিয়িারিং এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন কর্পোরেশন সাথে সংশোধিত চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়। এতে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ব্যয় হবে ৮৮ কোটি ৩৫ লাখ টাকা। এ নিয়ে মোট খরচ ৬৮০ কোটি ৬৮ লাখ টাকা দাঁড়িয়েছে।
