২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রণব মুখোপাধ্যায়ের জন্য শোক পালন বাংলাদেশে

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, বাংলাদেশের ‘অকৃত্রিম বন্ধু’ প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2020, 03:18 PM

Updated : 10 Oct 2022, 07:23 PM

পুরনো খবর:

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণ
প্রণব মুখোপাধ্যায়: বাংলাদেশের বন্ধু, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, শোক পালনে বুধবার দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

প্রণব মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনায় সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় বলেও সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

তিন সপ্তাহ দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় মারা যান ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের।

Image
২০১৩ সালের ৪ মার্চ প্রণব মুখোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয় ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’

২০১৩ সালের ৪ মার্চ প্রণব মুখোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয় ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’

বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর গত ১০ অগাস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রণব। অস্ত্রোপচার করতে গিয়ে তার শরীরে করোণাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এক পর্যায়ে তিনি চলে যান গভীর কোমায়। সেখান থেকে আর ফিরতে পারেননি।

পাঁচ দশকেরও বেশি সময় রাজনীতিতে সক্রিয় থেকে প্রথম বাঙালি হিসেবে ভারতের রাষ্ট্রপতির পদে আসীন প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নানা ক্ষেত্রে বন্ধু হয়ে পাশে ছিলেন। ২০১৩ সালে তাকে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেওয়া হয়।

বিয়ের সূত্রেও বাংলাদেশের সঙ্গে বন্ধনে জড়িয়ে ছিলেন প্রণব মুখোপাধ্যায়, তার স্ত্রী শুভ্রা ঘোষ ছিলেন বাংলাদেশের নড়াইলের সন্তান। ২০১৩ সালে বাংলাদেশে এসে নড়াইলের ভদ্রবিলায় শ্বশুরালয়েও ঘুরে গিয়েছিলেন বাংলাদেশের ‘জামাইবাবু’ প্রণব মুখোপাধ্যায়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার ঢাকায় ভারতীয় হাই কমিশনে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন।

তিনি বলেন, “ভারতরত্ন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারাল। তিনি আমাদের গর্ব এবং বাঙালি জাতি তার কাছে ঋণী।”

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “আমার সৌভাগ্য হয়েছিল ১৯৭৩ সালে তার সাথে পরিচিত হওয়ার। আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব সময় তিনি বাঙালির মঙ্গল ও কল্যাণে নিবেদিত ছিলেন।”

বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি শোক বইয়ে সই করার সময় ঢাকায় ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস তার পাশে ছিলেন।