২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশফেরত ৮৩ জন ৫৪ ধারায় কারাগারে

মহামারীর মধ্যে বিদেশফেরত ৮৩ বাংলাদেশিকে সন্দেহভাজন অপরাধী হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2020, 08:39 PM

Updated : 18 Aug 2022, 03:42 PM

পুলিশের আবেদনে সাড়া দিয়ে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার মঙ্গলবার তাদের কারাগারে পাঠানোর  আদেশ দেন।

এই ৮৩ জনকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই আনোয়ার হোসেন।

আদালত পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশে ফেরার পর ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তাদের আদালতে পাঠানো হয়। এরা বিদেশের শ্রমবাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং কোয়ারেন্টিনে থাকাকালে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে বলে আদালতে পাঠানো পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে।

১৪ দিনের কোয়ারেন্টিন শেষে সকালে তাদের সন্দেহভাজন আসামি গ্রেপ্তার করে তুরাগ থানায় নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ৮১ জন ভিয়েতনাম ফেরত এবং দুইজন কাতার ফেরত।

এদের বিষয়ে জানতে চাইলে তুরাগ থানার ওসি নুরুল মক্তাকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, “তারা ওই দুই দেশে অবস্থানকালে অপরাধ করেছেন। ভিয়েতনাম থেকে তাদের অপরাধের বিষয়টি জানানো হয়েছিল। সে কারণে ৮৩ জনকে সন্দেহভাজন আসামি হিসেবে (৫৪ ধারায়) গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু তারা কী ধরনের অপরাধী সে বিষয়ে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই। এখনও আমাদের কাছে সবকিছু পরিষ্কার নয়।”

গত ১৮ অগাস্ট ভিয়েতনাম থেকে ১০৬ জন বাংলাদেশিকে ঢাকায় ফেরত পাঠানো হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে তাদের সবাইকে উত্তরা দিয়াবাড়ি ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়। এরমধ্যে ভিয়েতনামে যারা অপরাধ করেছেন, তাদের বিষয়ে বাংলাদেশ পুলিশের কাছে অভিযোগ আসে। সে অনুযায়ী মঙ্গলবার ১০৬ জনের মধ্যে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়।