২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাট ফাঁকি: বাংলামোটরের গ্রিন লাউঞ্জ রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা

মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির অভিযোগে রাজধানীর বাংলামোটরের রুপায়ন টাওয়ারের ছাদ রেস্তোরাঁ ‘দ্য গ্রিন লাউঞ্জ’ এর বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2020, 08:51 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

ঢাকার অন্যতম অভিজাত এই রেস্টুরেন্টের বিরুদ্ধে এক কোটি ৭৫ লাখ টাকা ভ্যাট ফাঁকির  অভিযোগ আনা হয়েছে মামলায়।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেস্টুরেন্টটি (মূসক নং ০০১০০১৬৮৪০২০৮) বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি দিচ্ছে বলে সম্প্রতি আমরা গোপন সংবাদ পাচ্ছিলাম। সেই সংবাদের ভিত্তিতে আমরা মঙ্গলবার রেস্টুরেন্টটিতে অভিযান চালাই।”

প্রতিষ্ঠানটির কাছ থেকে পাওয়া হিসাবের বরাত দিয়ে তিনি জানান, রেস্তোরাঁ কর্তৃপক্ষ ২০১৮ সালের মে থেকে এ বছরের মার্চ  পর্যন্ত মোট বিক্রির পরিমাণ দেখিয়েছে এক কোটি ৯৫ লাখ ৯৬ হাজার ২৯৪ টাকা।

এই বিক্রির ওপর রেস্তোরাঁটি ভ্যাট হিসেবে জমা দিয়েছে মাত্র ২৫ লাখ ৫৬ হাজার ৩৮ টাকা। তাদের আয়কর রিটার্ন অনুযায়ী ঘোষিত মাসিক বিক্রির পরিমাণ দেখানো হয়েছে আট লাখ ৫২ হাজার ৯১৩ টাকা এবং ভ্যাট দিয়েছে এক লাখ ১১ হাজার ১৩২ টাকা।

কিন্তু ভ্যাট গোয়েন্দাদের প্রাথমিক অনুসন্ধানে স্থানীয় ভ্যাট অফিসে তাদের দাখিল করা মাসিক রিটার্নে বিক্রির তথ্য সন্দেহজনক হওয়ায় এবং একটি অভিযোগের সূত্রে অভিযানটি পরিচালিত হয়।

মইনুল খান বলেন, “অভিযানের সময় আমরা দ্য গ্রিন লাউঞ্জের ক্রয়-বিক্রয় এবং ভ্যাটের হিসাব বিশ্লেষণ করার জন্য কম্পিউটার ল্যাপটপসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাই।”

“কাগজপত্র ও তথ্যে দেখা যায়, মালিকপক্ষ ভ্যাট অফিসের কাছে প্রকৃত বিক্রয় তথ্য গোপন করেছে। উদ্ধারকৃত কাগজপত্র অনুসারে ওই তেইশ মাসে তাদের বিক্রি হয়েছিল ১৫ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৯২২ টাকা।”

এই তথ্য বিশ্লেষণে দেখা যায়, তেইশ মাসে রেস্টুরেন্টটি তার প্রকৃত মোট বিক্রির হিসাবের ৮৭ শতাংশ গোপন করেছে এবং এর উপর প্রযোজ্য ভ্যাট ফাঁকি দিয়েছে। অর্থাৎ মাত্র ১৩ শতাংশ বিক্রির ঘোষণা করেছে।

ভ্যাট গোয়েন্দাদের হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি মোট ভ্যাট ফাঁকি দিয়েছে এক কোটি ৭৫ লাখ টাকা।

নথিপত্র যাচাই করে আরও দেখা গেছে, প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ এই ভ্যাট ক্রেতাদের কাছ থেকে বিলের বিপরীতে কেটে রেখেছিল। কিন্তু তা আইন অনুযায়ী সরকারি কোষাগার জমা দেয়নি।

এমন পরিস্থিতিতে বুধবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এক কোটি ৭৫ লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে ভ্যাট আইনে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে এখন থেকে বিক্রির প্রকৃত তথ্য প্রকাশ ও ভ্যাট পরিশোধের পরামর্শ দেওয়া হয়েছে।