বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন যুগোপযোগী করতে কমিটি
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে আইনটি যুগোপযোগী করতে একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একজন সদস্যকে আহ্বায়ক করে তিন সদস্যের এই কমিটি করে দিয়ে সোমবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের একজন সদস্য হবেন এই কমিটির সদস্য। আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব দায়িত্ব পালন করবেন সদস্য সচিব হিসেবে।
ইউজিসি এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল এই কমিটির জন্য তাদের প্রতিনিধি নির্ধারণ করে দেবে।
মানসম্মত শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন, সংযোজন, পরিবর্তন বা পরিমার্জন এবং যুগোপযোগী করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে।
কমিটি প্রয়োজনে নতুন সদস্য নিতে পারবে। এক মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দিতে বলেছে মন্ত্রণালয়।
একজন কর্মকর্তা জানান, ১০ বছর আগে প্রণীত আইনের আলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালনা নিয়ে মাঝেমধ্যেই সরকারকে হস্তক্ষেপ করতে হচ্ছে।
“আগের আইনে যেসব বিষয় স্পষ্টভাবে ব্যাখ্যা করা নেই সে বিষয়গুলো আরও স্পষ্ট করা হবে। এছাড়া নতুন কিছু বিষয় এ আইনে যোগ করতে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
বাংলাদেশে বর্তমানে ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে কয়েকটিতে এখনও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি।
