মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাঙালির তীর্থস্থান টুঙ্গিপাড়া: পর্যটন প্রতিমন্ত্রী
পর্যটনের প্রকল্পের ক্ষেত্রে গোপালগঞ্জকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সোমবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এক অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, “গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার অবস্থিত। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাঙালির তীর্থস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া।
“পর্যটককেরা যাতে গোপালগঞ্জে এসে বঙ্গবন্ধুর স্মৃতিধন্য স্থানসমূহ নির্বিঘ্নে ও স্বচ্ছন্দে পরিদর্শন করতে পারেন তার পরিবেশ সৃষ্টি করা আমাদের কর্তব্য।”
গোপালগঞ্জের বোর্নি বিল,পদ্মা বিল ও শাপলা বিলের সৌন্দর্য যাতে মানুষ ভালোভাবে উপভোগ করতে পারে, সে জন্য সেখানে টাওয়ার নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিমন্ত্রী জানান।
এছাড়াও বোর্নি বিলকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র তৈরি বিষয়টি যাতে পর্যটন মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকে, সেই ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবেরের সঞ্চালনায় ও গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ।
