২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারীর আগের ফি এখন অনলাইন ক্লাসের জন্য আদায় নিয়ে হাই কোর্টের প্রশ্ন

ঢাকার চিটাগং গ্রামার স্কুল ও স্কলাস্টিকাসহ বেসরকারি বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের কাছ থেকে কোভিড-১৯ মহামারীর আগের প্রযোজ্য ফি অনলাইন ক্লাসের জন্য এখন আদায় করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2020, 07:16 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

একই সঙ্গে বেসরকারি স্কুল নিবন্ধন অধ্যাদেশ ১৯৬২, বেসরকারি বিদ্যালয় নিবন্ধন বিধিমালা ২০১৭ ও জাতিসংঘের শিশু অধিকার সনদ ১৯৮৯ এর বিধান অনুযায়ী কোভিড-১৯ মহামারীর মধ্যে বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণ করে তা আদায়ের বিষয়ে একটি পরিকল্পনা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। 

চিটাগং গ্রামার স্কুল ও স্কলাস্টিকার শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। 

শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, চিটাগং গ্রামার স্কুল, ঢাকা ও স্কলাস্টিকা স্কুল কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অনীক আর হক, আসিফ বিন আনওয়ার এবং আবেদনকারী তানভির কাদের।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা শামসাদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল সামীউল আলম সরকার।

ব্যারিস্টার অনীক পরে সাংবাদিকদের বলেন, “রুল জারির পাশাপাশি আদালত স্কুলগুলোকে অনলাইন ক্লাসের জন্য আদায়যোগ্য ফি’র বিষয়ে তিন মাসের মধ্যে একটি পরিকল্পনা সূচি প্রস্তুত করে তা সরকারের কাছে দিতে নির্দেশ দিয়েছেন।”

তানভির কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইংরেজি মাধ্যম স্কুলগুলোর সংগঠন ঢাকা ইন্টারনেশনাল স্কুল অ্যাসোসিয়েশন(ডিআইএসএ)’র সদস্য চিটাগং গ্রামার স্কুল,ঢাকা ও স্কলাস্টিকা।

কোভিড-১৯ মহামারীর মধ্যে ডিআইএসএ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, নির্ধারিত টিউশন ফি ছাড়ের বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত দেবে না।

এ নিয়ে অভিভাবকদের সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলে।

“কিন্তু এই মহামারীর মধ্যেই অনলাইন ক্লাসের জন্য চিটাগং গ্রামার এবং স্কলাস্টিকা টিউশন ফি আদায় করছে। যে কারণে গত সপ্তাহে রিট আবেদনটি করি,” বলেন তানভির।