২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের মামলায় এনজিও আশার কর্মকর্তা কারাগারে

বিয়ের তথ্য গোপন করে এক নারীকে বিয়ে করেন বেসরকারি সংস্থা বেসরকারি সংস্থা আশার ঢাকার নবাবপুর উপজেলার গালিমপুর ব্রাঞ্চের ব্যবস্থাপক শাহজাহান কবির (৩৮)।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2020, 05:08 PM

Updated : 08 Apr 2022, 01:15 AM

সেই স্ত্রীকেও যৌতুকের জন্য নির্যাতন করতেন তিনি। যৌতুক দিতে রাজি না হওয়ায় এক পর্যায়ে ওই স্কুল শিক্ষিকাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান আশার ওই কর্মকর্তা।

ইতোমধ্যে ওই স্কুল শিক্ষিকা আদালতে মামলা করলে শাহজাহান কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানার ভিত্তিতে ১৯ অআস্ট তাকে গ্রেপ্তার করা হয়। এখন তিনি কারাগারেই আছেন।

আশার ঢাকা জেলার প্রধান গোলাম হায়দার চৌধুরী জানিয়েছেন, আদালতের রায় ও নিজস্ব তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মামলার নথি অনুযায়ী, ২০০৬ সালের ৬ ডিসেম্বর ৯৯ হাজার নয়শ টাকা দেনমোহরে কেরানীগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই স্কুল শিক্ষিকাকে বিয়ে করেন শাহজাহান কবির। বিয়ের ক্ষেত্রে তিনি প্রতারণার আশ্রয় নেন। এর আগেও যে তিনি বিয়ে করেন ও তার এক সন্তান আছে তা গোপন করেন। সম্প্রতি স্কুল শিক্ষিকা স্ত্রীর কাছে তিনি দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। ২০১৯ সালের ১৫ নভেম্বর তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর ও নির্যাতন করেন।

এরপর গত ১৭ নভেম্বর তাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান শাহজাহান কবির। এরপর ওই স্কুল শিক্ষিকা চলতি বছর ৯ জানুয়ারি ঢাকার তৃতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় নারী ও  শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় নির্যাতনের অভিযোগ আনা হয়।

সেই মামলার প্রেক্ষিতে ১৮ মার্চ আদালত আসামি শাহজাহান কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা মূলে গত ১৯ আগস্ট তাকে নবাবগঞ্জের অফিসে দায়িত্বপালনকালে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ হয়।

ভুক্তভোগী নারী আদালত পাড়ার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার স্বামী পুনরায় তৃতীয় এক নারীকে বিয়ে করে সংসার করছেন।

কারাগারে থাকায় অভিযুক্তের নিজের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারে ফতারের বিষয়ে জানতে চাইলে আশার ঢাকা জেলার প্রধান বলেন, “শাহজাহান কবির গ্রেপ্তার হওয়ার পরই তাকে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে। এখন সে জামিনে মুক্তি পেলে আমরা তাকে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিস দেব।

“এছাড়া বিষয়টি যেহেতু আদালতে গড়িয়েছে তাই আদালতে তিনি দোষী সাব্যস্ত হন কিনা সেই বিষয়টিও লক্ষ্য রাখব। সার্বিক বিবেচনায় সে দোষী হলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেব।”