২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হেফাজতে গাড়ি চালক হত্যা মামলার রায় ৯ সেপ্টেম্বর

রাজধানীর পল্লবী থানা হেফাজতে গাড়ি চালককে পিটিয়ে হত্যার মামলায় পুলিশের তিন কর্মকর্তাসহ পাঁচ আসামির দোষী কিনা তা ৯ সেপ্টেম্বর জানা যাবে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2020, 04:56 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এই মামলায় রায়ের দিন ঠিক করেন।

মামলার আসামিরা হলেন- পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান জাহিদ, এএসআই রাশেদুল, এএসআই কামরুজ্জামান মিন্টু এবং পুলিশের সোর্স সুমন ও রাশেদ। জাহিদ ও সুমন ছাড়া বাকিরা জামিনে আছেন।

বাদীপক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সাভির্সেস ট্রাস্টের (ব্লাস্ট) আইনজীবী আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  ৯ ফেব্রুয়ারি এই মামলার আসামিরা আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। ১৯ ফেব্রুয়ারি থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

“করোনা পরিস্থিতির কারণে মাঝপথে যুক্তিতর্ক বন্ধ হয়ে যায়। চলতি মাসে নিয়মিত আদালতের কার্যক্রম শুরু হলে সোমবার এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।”

আসামিপক্ষে আইনজীবী ফারুক আহাম্মদ মামলাটি পরিচালনা করেন। 

আদালতের নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি মিরপুর ১১ নম্বর সেক্টরে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে পুলিশের সোর্স সুমন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করেন। ‌এ সময় জনি ও তার ভাই সুমনকে সেখান থেকে চলে যেতে বললে সে পুলিশকে ফোন দেয়। পুলিশ এসে জনিকে আটক করে নেয়। এ সময় স্থানীয়রা পুলিশকে ধাওয়া দিলে তারা গুলি ছুঁড়ে।

আটক করে নিয়ে যাওয়ার পর পুলিশ হেফাজতে নির্যাতনের এক পর্যায়ে জনির অবস্থার অবনতি হয়। এ সময় তাকে প্রথমে ন্যাশনাল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করে।

জনির মৃত্যুর ঘটনায় ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন ও পুলিশ হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন নিহত জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি। আদালত অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকার মহানগর হাকিম  মারুফ হোসেন তিন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। ওসি জিয়াউর রহমানসহ পাঁচজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলেও এএসআই রাশেদুল ও কামরুজ্জামান মিন্টুকে প্রতিবেদনে নতুনভাবে অভিযুক্ত করা হয়।

২০১৬ সালের ১৭ এপ্রিল ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগ গঠনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন। অভিযোগ গঠনের পর প্রায় সাড়ে চার বছরে এই মামলার বিচারকাজ শেষ হলো।