‘রিভার ট্যুরিজমের’ উন্নয়নে পরিকল্পনা হচ্ছে: প্রতিমন্ত্রী
নদীমাতৃক বাংলাদেশে নদী ঘিরে পর্যটন বিকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন।
স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পবিার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এক অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের নদীগুলো পর্যটনের অন্যতম আকর্ষণ। দেশের নদীগুলোকে কেন্দ্র করে রিভার ট্যুরিজম-এর উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এ পরিকল্পনায় রিভার ক্রুজ, বিভিন্ন ওয়াটার রাইডিং, বোটিংসহ নানা ধরনের পর্যটন সুবিধা যুক্ত করা হবে।”
পর্যটন অবকাঠামো রক্ষণাবেক্ষণে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে মাহবুব আলী বলেন, “অবকাঠামোগত উন্নয়ন পর্যটনের বিকাশে সহযোগিতা করে। তবে নতুন পর্যটন অবকাঠামো নির্মাণের পাশাপাশি পুরাতন অবকাঠামোগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। পর্যটন অবকাঠামো নির্মাণের সময় পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে মনোযোগী হতে হবে।
রাজবাড়ীতে অনুষ্ঠিত বিভিন্ন ঐতিহ্যবাহী মেলায় দেশি-বিদেশি পর্যটকদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে কাজ করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবেরের সঞ্চালনায় ও রাজবাড়ী জেলার জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ।
