২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল নথিতে জামিনে মুক্তি পেলেও ফের কারাগারে

পুরান ঢাকার বংশালে শহীদ পরিবারের নামে বরাদ্দ করা বাড়ির বিষয়ক দুর্নীতির মামলায় মিথ্যা তথ্য ও জাল কাগজপত্র জমা দিয়ে জামিন নেওয়া শেখ মো. জাবেদ উদ্দিনের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2020, 10:20 PM

Updated : 18 Aug 2022, 03:38 PM

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরি করে শহীদ পরিবারের অনুকূলে সরকারের বরাদ্দ দেওয়া বাড়ি আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে মামলাটি হয়।

গত ২৩ জানুয়ারি দেওয়ানি মামলায় তার পক্ষে রায় হয়েছে উল্লেখ করে জামিন চাইলে জাবেদকে জামিন দেয় ঢাকার জজ আদালত।

কিন্তু পরে দুদকের আইনজীবীরা জামিন বাতিলের আবেদন করে বলেন, জাবেদ ভুয়া আদেশ দাখিল করেছে।

সে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক উৎপল ভট্টাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন চান জ্যেষ্ঠ বিশেষ জজ এম ইমরুল কায়েশ।

সে প্রতিবেদন আসার পর বৃহস্পতিবার জাবেদের জামিন বাতিলের আদেশ বিচারক ইমরুল কায়েশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

তিনি বলেন, “জাবেদের আইনজীবী দেওয়ানী মামলা পরিচালনা করেন না। আর তিনি ভুয়া নথির এ ঘটনাটিও জানতেন না।”

গত ৭ জানুয়ারি জাবেদকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে রিমান্ডে পাঠানো হয়, এরপর ১৪ জানুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়। ২৩ জানুয়ারি তার জামিনের আদেশ হয়।

গত ৬ ফেব্রুয়ারি দুদকের পক্ষ থেকে এ আসামির জামিন বাতিলের আবেদন করা হয়। ওই দিন আদালত এ বিষয়ে শুনানির তারিখ ৮ এপ্রিল ধার্য করেন। কিন্তু এরই মধ্যে করোনাভাইরাস সঙ্কটের কারণে আদালত সাধারণ ছুটিতে থাকায় কোনো কার্যক্রম হয়নি। সাধারণ ছুটি শেষে আবেদনটি শুনানির জন্য আসে।

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরি করে শহীদ পরিবারের অনুকূলে সরকারের বরাদ্দ দেওয়া বাড়ি আত্মসাতের অভিযোগে গত বছর ২২ ডিসেম্বর দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থার উপপরিচালক মো. সালাউদ্দিন।

মামলায় বংশালের শেখ জাবেদের সঙ্গে মিরাজ মো. জাকির উদ্দিন নামে আরেকজনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়,আসামিরা পরস্পরের যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরি করেন। সেগুলোর ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তরে জমা দিয়ে শহীদ পরিবারকে বরাদ্দ দেওয়া জমি দখল করে নেন। বর্তমান মৌজা মূল্য অনুসারে ওই জমির দাম দুই কোটি টাকারও বেশি।

এজাহারে আরও বলা হয়,ঢাকার নবাবপুর রোডের ওই জমি সরকারি অর্পিত সম্পত্তি। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জমিটি শহীদ পরিবারের সদস্য একেএম শামসুল হক খানের মা মাসুদা খানমকে বরাদ্দ দেওয়া হয়। ওই সম্পত্তি বর্তমানে শহীদ পরিবারের সর্বশেষ সদস্য আজহারুল হক খানের নামে আছে। যা ভোগ-দখলে থাকা অবস্থায় শেখ মো. জাবেদ উদ্দিন ও তার সহযোগীরা জালিয়াতির মাধ্যমে জয়দেবপুর সাবরেজিস্ট্রি অফিসে একটি দলিল তৈরি করেন বলে মামলায় অভিযোগ করা হয়।  

পুরনো খবর:

শহীদ পরিবারের বাড়ি দখল, দুইজনের বিরুদ্ধে মামলা