২১ অগাস্ট হামলা: তারেকের ফাঁসির দাবিতে মানববন্ধন
একুশে অগাস্ট গ্রেনেড হামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে তারেক রহমানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন।
ভয়াল ওই হামলার ষোড়শ বার্ষিকীর আগে দিন বৃহস্পতিবার হাই কোর্ট (কদম ফোয়ারা) মোড়ে নিহতদের স্বজন ও আহতদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
শেখ হাসিনার সমাবেশে ২০০৪ সালের ওই হামলার মামলায় বিচারিক আদালত বিএনপি আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছে। তবে খালেদা জিয়ার ছেলে তারেকসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
মানববন্ধনে ঢাকার আওয়ামী লীগ নেতা ওমর আলী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে গ্রেনেড হামলা করা হয়।
“কিন্তু রায়ে মূল পরিকল্পনাকারী বিএনপি নেতা তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে যা আমরা মেনে নিতে পারছি না। ইতিহাসের নৃশংসতম এ ঘটনাটি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা হয়েছে এর জন্য মামলাটির পূর্ণ তদন্ত করে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ পাওয়া আসামি মূল হোতা তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ প্রদানের দাবি জানাচ্ছি।”
বিচারিক আদালতের রায় এখন হাই কোর্টে রয়েছে, ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রায় দেবে উচ্চ আদালত।
মানববন্ধনে গ্রেনেড হামলায় নিহতদের স্বজন ও আহতদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন আনিস, মোরশেদ কামাল, হারুন উর রশিদ, মো. জুয়েল, আওয়ামী লীগ নেতা হাজী হাফিজ, আতিকুর রহমান স্বপন, যুবলীগ নেতা বাবু ভুইয়া, মোখলেসুর রহমান রোমেল, ছাত্রলীগ নেতা মিরাজ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা বশির উদ্দিন সুমন, একতা উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক সাজেদ ব্যাপারী, হানিফ স্মৃতি সংসদের সভাপতি আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মো. মানিক।
