২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর মেরুলে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে, যার বিরুদ্ধে সন্ত্রাসী-চাঁদাবাজির মামলা রয়েছে থানায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2020, 02:24 AM

Updated : 18 Aug 2022, 03:38 PM

হিরণ সরদার নামের ২৮ বছর বয়সী ওই যুবককে বুধবার রাত সাড়ে ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিরণের বাসা আফতাবনগর ভূইয়াপাড়ায়। রাতে তিনি বাসা থেকে পশ্চিম মেরুলের নোয়াখালী বস্তিতে গিয়েছিলেন। 

“সেখানে কিছু দুর্বৃত্ত তার শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”

রাজ্জাক জানান, মাদকের কারবার, সন্ত্রাসী, চাঁদাবাজি এবং অস্ত্র আইনের বেশ কয়েকটি মামলা রয়েছে হিরণের বিরুদ্ধে। এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আসেন।

“তাদের নিজেদের একটি গ্রুপ রয়েছে। নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”

হত্যার কারণ অনুসন্ধান এবং হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে বলে জানান তিনি।

হিরণের ভাগ্নে রাজন সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মামা গত কিছুদিন ধরে বেকারিতে কাঁচামাল সরবরাহের কাজ করছিলেন। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার।