২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মশার লার্ভা: ঢাকার দুই সিটিতে দেড় লাখ টাকা জরিমানা

রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় অভিযান চালিয়ে এইডিস মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত; মামলা হয়েছে ২৫টি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2020, 10:47 PM

Updated : 10 Oct 2022, 07:21 PM

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের ‘চিরুনি অভিযানের’ সপ্তম দিন সোমবার ১৩ হাজার ৫০৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন ডিএনসিসির কর্মীরা।

এ সময় ‌৭০টি স্থাপনায় এইডিস মশার লার্ভা পাওয়া যায়। ৮ হাজার ১৭৪টি স্থাপনায় পাওয়া যায় এইডিস মশার বংশবিস্তারের ‘উপযোগী’ পরিবেশ। এ কারণে ২০টি মামলায় ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

গত ৮ অগাস্ট শুরু হওয়া তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানে ৯১ হাজার ৮৭১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ৪৯৩টিতে এইডিসের লার্ভা এবং ৫৪ হাজার ২৩টিতে এইডিস মশার বংশবিস্তারের ‘উপযোগী’ পরিবেশ পাওয়া যায়।

এই চিরুনি অভিযানে ভ্রাম্যমাণ আদালত এ পর্যন্ত ৬ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে বলে জানিয়েছে উত্তর সিটি কর্তৃপক্ষ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচালিত তাদের চিরুনি অভিযানের দ্বিতীয় দিনে ১০৩টি স্থাপনা পরিদর্শন করে ৫টিতে এইডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ কারণে ৫টি মামলা করা হয়েছে, জরিমানা করা হয়েছে ৩২ হাজার টাকা।

ডেঙ্গু নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল চিহ্নিত করতে রোববার থেকে দক্ষিণ সিটি করপোরেশনের সবগুলো অঞ্চলে একযোগে এই অভিযান শুরু করেছে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ।