সিনহা খুন: পুলিশের ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চলছে’
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পর পুলিশ অ্যাসোসিয়েশনও এক বিবৃতিতে বলেছে, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ড নিয়ে নানা উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের প্রয়াস চালানো হচ্ছে।
পুলিশের নন ক্যাডার কর্মকর্তা ও সদস্যদের এই সংগঠনটি সোমবার এক বিবৃতিতে এই বক্তব্য দেয়।
এর আগে পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনও বিবৃতি পাঠিয়ে একই বক্তব্য দিয়েছিল।
গত ৩১ জুলাই কক্সবাজারে পুলিশের তল্লাশি চৌকিতে গুলিতে প্রাণ হারান অবসরপ্রাপ্ত মেজর সিনহা।
সিনহা গুলি করতে উদ্যত হলে পাল্টা গুলি চালানো হয় বলে প্রথমে পুলিশের পক্ষ থেকে দাবি করা হলেও তা নিয়ে প্রশ্ন ওঠায় এখন প্রশাসনের উদ্যোগে তার তদন্ত চলছে।
এদিকে সিনহার বোনের করা মামলায় আসামি হিসেবে যেসব পুলিশ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সবাই নন ক্যাডার কর্মকর্তা ও সদস্য।
পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহার নিহত হওয়ার ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং অনভিপ্রেত’ উল্লেখ করা হয়।
এতে বলা হয়, “কিছু কিছু স্বার্থান্বেষী মহল, ব্যাক্তি বা সংগঠন জনগণের কাছে বাংলাদেশ পুলিশ বাহিনীকে বিতর্কিত ও অগ্রহণযোগ্য করার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় উল্লেখিত ঘটনার বিষয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখছেন।
“এই অপপ্রচার চলমান বিচারিক ও প্রশাসনিক অনুসন্ধান প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।”
সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার পর কক্সবাজারে গিয়ে একসঙ্গে সংবাদ সম্মেলনও করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশপ্রধান বেনজীর আহমেদ (ফাইল ছবি)
বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মধ্যে সুদীর্ঘকাল পারস্পারিক আস্থা ও বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান।
“সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার নিহত হওয়ার অনভিপ্রেত ঘটনার পর প্রধানমন্ত্রীর নির্দেশে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির তদন্ত চলাকালীন নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই অভিযুক্ত পুলিশ সদস্যগণ দ্রুততম সময়ের মধ্যে আদালতে আত্মসমর্পণ করেন।”
কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
অ্যাসোসিয়েশনের সভাপতি ডিএমপির যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বিমানবন্দর থানার ওসি ফরমান আলী স্বাক্ষরিত এই বিবৃতিতে কক্সবাজারে সেনা ও পুলিশের যৌথ টহলের উদ্যোগ গ্রহণ করায় সেনা ও পুলিশপ্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কনস্টেবল থেকে পরিদর্শক (ইন্সপেক্টর) পর্যন্ত যে কেউ নির্দিষ্ট ফরম পূরণ করে এবং সদস্য ফি জমা দিয়ে পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারেন। তবে সিনহার ঘটনায় জড়িতরা কেউ তা করেননি।
“কেউ অপরাধ করে থাকলে নিয়মানুযায়ী তার শাস্তি হোক এটা আমরাও চাই,” বলেন তিনি।
