বৌদ্ধ কল্যাণ ট্রাস্টকে প্রধানমন্ত্রীর কোটি টাকা অনুদান
বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অনুদান দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি সাংবাদিকদের বলেন, “অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতভাবে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা করে থাকেন। তারই ধারাবাহিকতায় তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই অনুদান দিয়েছেন।”
আগামী ১ অক্টোবর প্রবারনা পূর্ণিমা উদযাপন করবে দেশের বৌদ্ধ সম্প্রদায়। প্রতিটি বৌদ্ধ বিহার, মন্দির, ক্যাং, চৈত্য, প্যাগোডায় নানা আয়োজনে দিনটি পালন হবে। দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে উপাসনালয়গুলোতে প্রার্থনাও করবেন বৌদ্ধরা।
