২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জঙ্গি সন্দেহে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে জঙ্গি সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করে এনেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2020, 02:09 AM

Updated : 18 Aug 2022, 03:32 PM

গ্রেপ্তার সবুজ শেখ (২৬) নিষিদ্ধ দল আনসারুল্লাহ বাংলাটিমের একজন সক্রিয় সদস্য বলে এটিইউ’র দাবি।

সোমবার প্রথম প্রহরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে এটিইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ফরিদপুর জেলার সালথা থানা এলাকার সবুজ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আনসারুল্লাহ বাংলা টিমের দাওয়াতী ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

“সে ‘লোন উলফ মুজাহিদীন’ গ্রুপে জঙ্গিবাদী প্রচার-প্রচারণা, জননিরাপত্তা বিপন্ন করে ত্রাস সৃষ্টি ও জিহাদের প্রস্তুতি গ্রহণ করছিল।”

সবুজের কাছে ‘গুরুত্বপূর্ণ’ কিছু তথ্য, জঙ্গিবাদে ব্যবহার করা মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।