ভার্চুয়াল শুনানিতে তথ্য কমিশন
করোনাভাইরাস মহামারীর মধ্যে জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে ভার্চুয়াল শুনানি করেছে তথ্য কমিশন।
সোমবার প্রথমবারের মত ভার্চুয়াল শুনানির মাধ্যমে তথ্য কমিশন দুটি অভিযোগের নিষ্পত্তি করেছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিনে যশোর সদরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ঝিকরগাছার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে দুটি অভিযোগ ভার্চুয়াল শুনানির মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি করা হয়।
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও তথ্য কমিশনার আবদুল মালেক ভর্চুয়াল শুনানিতে অংশ নেন।
এছাড়া এদিন সাভার হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে একটি অভিযোগের ওপর পুনঃশুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে বলে তথ্য কমিশন জানিয়েছে।
দেশে করোনাভাইরাসের মহামারীর কারণে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে তথ্য কমিশন এতদিন সব ধরনের শুনানি বন্ধ রেখেছিল।
কমিশন বলছে, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে মহামারীর মধ্যে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি গ্রহণের এই সিদ্ধান্ত নেয় তথ্য কমিশন।
তথ্য অধিকার আইনে সরকারি-বেসরকারি দপ্তরে তথ্য চেয়ে যে কেউ আবেদন করতে পারেন। দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা তথ্য না দিলে ওই দপ্তরের সংশ্লিষ্ট আপিল কর্মকর্তার কাছে আপিল করা যায়।
আপিল করেও তথ্য না পাওয়া গেলে তথ্য কমিশনে অভিযোগ করা যায়। কমিশন দুই পক্ষের উপস্থিতিতে শুনানি করে চূড়ান্ত রায় দেয়।
অনেকক্ষেত্রে তথ্য না দেওয়ার কারণে তথ্য প্রদানকারী কর্মকর্তাকে জরিমানাও করা হয়।
