সন্তানের পর কোভিড-১৯ আক্রান্ত মায়েরও মৃত্যু
নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী শেফা ইসলাম তুলি।
রোববার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার আগে তার সদ্যোজাজ শিশুটিরও মৃত্যু ঘটেছিল।
হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ মোরশেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তুলি মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
“সে অসুস্থ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেখানেই আজ মারা যায়।”
তুলির বন্ধু এবং সহপাঠী নাফিসা তাহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তুলি সন্তানসম্ভবা ছিলেন। চার-পাঁচদিন আগে তুলির জ্বর হলে তার চিকিৎসক স্বামী তাকে বাসায় রেখেই চিকিৎসা দিচ্ছিলেন। অবস্থা খারাপ হলে বৃহস্পতিবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
“তার জ্বর ছিল। সঙ্গে শ্বাসকষ্ট, বমির প্রবণতা ছিল। তারা ধারণা করেছিলেন গর্ভাবস্থায় এ ধরনের লক্ষণ দেখা দেয়। এজন্য বাড়িতে রেখেই চিকিৎসা দিচ্ছিলেন। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল।”
নাফিসা তাহসিন বলেন, স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন তুলি। শনিবার ছেলেটি মারা যায়। একদিন বাদেই তুলি মারা যান।
“বাচ্চাটি প্রিম্যাচিউর বলে তার অবস্থাও খারাপ ছিল। অস্ত্রোপচারের জন্য তুলিকে অজ্ঞান করা হয়। তার জ্ঞান আর ফেরেনি। সে তার সন্তানকেও দেখতে পারেনি।”
নাফিসা তাহসীন বলেন, বাবা-মায়ের সঙ্গে রাজধানীর বনশ্রীতে থাকতেন তুলি।
শেফা ইসলাম তুলির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বিএমএ।
