জলাবদ্ধতার দায় সবগুলো প্রতিষ্ঠানেরই: টিআইবি
ঢাকা মহানগরীর বৃষ্টির পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতির বিষয়টি তুলে ধরে জলাবদ্ধতা নিরসনের কাজটি একক প্রতিষ্ঠানকে দেওয়ার পক্ষে মত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
সাম্প্রতিক জলাবদ্ধতা নিয়ে বিভিন্ন সংস্থার পরস্পর দোষারোপের পরিপ্রেক্ষিতে রোববার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, জলাবদ্ধতা নিরসনে সবগুলো প্রতিষ্ঠানই ব্যর্থ হয়েছে। সঙ্কট সমাধানে এককভাবে সিটি করপোরেশনকেই এই দায়িত্ব দেওয়া জরুরি।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আইন অনুযায়ী ঢাকা মহানগরীতে প্রধান ড্রেন লাইনগুলো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা ওয়াসার এবং শাখা লাইনগুলোর দায়িত্ব সিটি করপোরেশনের।
“আইনের মারপ্যাঁচে বর্ষায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে একে অন্যের ওপর দায় চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়াতে চায় প্রতিষ্ঠানগুলো। এতে বর্ষা এলেই জনগণের ভোগান্তি বছর বছর আরও তীব্র হয়। তাই অবিলম্বে আইনের প্রয়োজনীয় সংশোধন করে একক প্রতিষ্ঠানের হাতে সম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন খাল ও কালভার্ট রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে হবে।”
বিগত বছরগুলোতে ঢাকা ওয়াসা ব্যর্থ হয়েছে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ওয়াসার আওতাধীন খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে নিয়মিত তদারকির ঘাটতি রয়েছে।
“তাই ওয়াসার ব্যর্থতা অস্বীকারের কোন সুযোগই নেই। আবার ওয়াসার ওপর এককভাবে সব দোষ চাপিয়ে ড্রেনেজ অব্যবস্থাপনা ও বর্জ্য অপসারণে ব্যর্থতার দায় সিটি করপোরেশনও কোনোভাবেই এড়াতে পারে না।”
