২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটালের’ ভার্চুয়াল উদ্বোধন সোমবার

জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিকল্পনা করা হলেও করোনাভাইরাস মহামারীর কারণে ভার্চুয়াল আয়োজনে রূপান্তরিত হচ্ছে ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটালের’ অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2020, 11:29 PM

Updated : 18 Aug 2022, 03:31 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকাল চারটায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আন্তর্জাতিক এই আয়োজনের উদ্বোধন করবেন।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ অন্যরা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা গত ১২ এপ্রিল ঢাকা ওআইসি যুব রাজধানী-২০২০ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে করার প্রস্তুতি নিয়েছিলাম।

“কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমরা নির্ধারিত কর্মসূচি স্থগিত করতে বাধ্য হই। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে নতুন আঙ্গিকে এর সব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি।”

মুসলিম বিশ্বের তরুণদের দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার প্রয়াসে তরুণদের নানামুখী কৃতিত্বে উৎসাহ দিতে ২০১৫ সাল থেকে প্রতিবছর ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল’ এর স্বীকৃতি দিয়ে আসছে ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ)।

২০১৯ সাল থেকে শুরু হওয়া তীব্র প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পন্ন করে চলতি বছর এই স্বীকৃতি পায় বাংলাদেশের রাজধানী ঢাকা।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, “বাংলাদেশের রাজধানী ঢাকা এ বছর ওআইসি যুব রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে আন্তজার্তিক এ স্বীকৃতি জাতি হিসেবে আমাদের গর্বিত করে।”

উদ্বোধনী আয়োজনে অংশ নিতে ৭৫টি দেশের প্রায় ১২ শতাধিক তরুণ অনলাইনে আবেদন করেছেন জানিয়ে তিনি বলেন, এর মধ্যে থেকে ২৫০ জন আগামী ২৭ ও ২৮ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে রেজিলিয়েন্স ইয়ুথ লিডারশিপ সামিটে অংশ নেবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, “এ আয়োজনের মাধ্যমে বিশ্বে আমাদের যুবসমাজের অমিত সম্ভাবনা তুলে ধরা হবে। আমরা বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা ভোগ করছি। আমাদের মেধাবী ও দক্ষ যুব শক্তি রয়েছে।

“এছাড়াও রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ সরকার যে মানবিক সহায়তা করছে সেটিও বিশ্ববাসীর কাছে উপস্থাপন করা হবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন, কাতারের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সালেহ বিন গানেম আল আলী, আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী আজাদ রহিমভ, আইসিওয়াইএফের প্রেসিডেন্ট তাহা আইয়ানসহ অন্যরা।

‘ঢাকা-ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’-এর প্রতিপাদ্য ‘রেজিলিয়েন্স ফর প্যারিটি অ্যান্ড প্রসপারিটি’।

বছরব্যাপী আয়োজনের পরিকল্পনায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, ফিল্ম ফেস্টিভাল, চিত্রকলা প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, স্কাউটক্যাম্প, এন্টারপ্রেনারশিপ, স্কিল ও এমপ্লয়মেন্ট ক্যাম্প এবং কুইজ প্রতিযোগিতা রয়েছে।

আইসিওয়াইএফের প্রেসিডেন্ট তাহা আইয়ান ভার্চুয়াল আয়োজনে সংবাদ সম্মেলনে অংশ নেন।