২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির বাজেট বাড়লেও কমেছে গবেষণায় বরাদ্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই বছর আগের বাজেটে গবেষণায় যত বরাদ্দ ছিল, গতবার তার চেয়ে কমেছিল, এবার তা আরও কমছে। অথচ বাজেটের অঙ্ক প্রতিবারই বাড়ছে।

রাসেল সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2020, 06:39 PM

Updated : 10 Oct 2022, 07:18 PM

মহামারীর কারণে বন্ধের মধ্যে অনলাইন ক্লাস চালু করলেও শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী ইন্টারনেট ও ডিভাইস কেনাসহ এক্ষেত্রে সহায়তায় কোনো বরাদ্দ থাকছে না।

২০২০-২০২১ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট প্রণয়ন করেছে, যা টাকার অঙ্কে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীনের পক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ ২০২০-২১ অর্থবছরের মূল বাজেট এবং ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট উত্থাপন করেন ।

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান সভাপতিত্ব এই অধিবেশনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনাম উজ্জামানসহ ও সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।

গত বছরের তুলনায় এবছর বাজেটের আকার ৭ দশমিক ৩০ শতাংশ বাড়লেও কমেছে গবেষণা খাতের বরাদ্দ।

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গবেষণাখাতে মোট বরাদ্দ করা হয়েছে ৪০ কোটি ৯১ লাখ টাকা, যা মোট বাজেটের ৪ দশমিক ৭ শতাংশ৷

২০১৯-২০ অর্থবছরে ৮১০ কোটি ৪২ লাখ বাজেটে গবেষণায় বরাদ্দ ছিল ৪০ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা, যা বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ৷ এর আগের অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল বাজেটের ৬ দশমিক ৬৬ শতাংশ৷

গবেষণাখাতের বাজেট থেকে কয়েকটি অনুষদের গবেষণার সরঞ্জাম কেনা এবং কয়েকটি অনুষদ-বিভাগের ল্যাবরেটরি যন্ত্রপাতি কেনা ও ল্যাব স্থাপনে ১৩ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে৷

এছাড়া গবেষণা মঞ্জুরী হিসেবে রয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের ৫৬টি গবেষণাকেন্দ্রের জন্য ৭ কোটি ৫০ লাখ টাকা, গবেষণা প্রকল্পে বিশেষ অনুদান হিসেবে ২ কোটি টাকা এবং শিক্ষকদের গবেষণা ভাতা হিসেবে বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি টাকা৷

আবার গত বছরের (২০১৯-২০ অর্থবছর) বাজেটে গবেষণাখাতে বরাদ্দের পুরো টাকাও ব্যয় করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়৷

গত বছর গবেষণা খাতে ৪০ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ হলেও সংশোধিত বাজেটে গবেষণাখাতে মোট ব্যয় দেখানো হয়েছে ৩৭ কোটি ৭২ লাখ ৮৭ হাজার টাকা৷

তবে এবছর শিক্ষকদের গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক প্রকাশনা বা জার্নালে প্রকাশ করতে সহায়তার জন্য একটি নতুন খাত সৃষ্টি করে সংশোধিত বাজেটে ২০ লাখ এবং আগামী প্রস্তাবিত বাজেটে ১ কোটি টাকা রাখা হয়েছে।

শিক্ষার্থীরা যাতে দেশে-বিদেশে শিক্ষা বিনিময় করতে পারে সে লক্ষ্যে শিক্ষার্থীদের শিক্ষা বিনিময় খাত সৃষ্টি করে সংশোধিত বাজেট ৫০ লাখ এবং আগামী অর্থ বছরের জন্য ১ কোটি টাকা বরাদ্দ রাখা আছে।

সাধারণত প্রতিবছর জুনের শেষ সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বাজেট পেশ করে থাকেন।

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে এবার বাজেট প্রণয়ন না করেই বেশ কিছু এজেন্ডা নিয়ে গত ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের ‍উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান সিনেট অধিবেশন আহ্বান করেন। এতে সমালোচনার মুখে পড়ে ২৩ জুলাই পর্যন্ত সিনেট অধিবেশন মুলতবি ঘোষণা করা হয় এবং এ অধিবেশনে বাজেট উত্থাপনের কথা বলা হয়।

এদিকে এবছরের বাজেটই কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীনের প্রণীত শেষ বাজেট। গত ৯ জুলাই তার মেয়াদ শেষ হয়েছে। নতুন করে এখনও কোষাধ্যক্ষ নিয়োগ না হওয়ায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ এবার সিনেটে বাজেট উত্থাপন করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটি ও সিন্ডিকেটে এ বাজেট অনুমোদন হয়েছে।

বাজেট উত্থাপন করতে গিয়ে অধ্যাপক সামাদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালি জাতির একটি গৌরবময় প্রতিষ্ঠান। গত ৫ বৎসরে এ প্রতিষ্ঠানের নিজস্ব আয়ের তেমন কোনো বৃদ্ধি নেই। ফলে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন ব্যাহত হচ্ছে। গবেষণা খাতে সরকারের বরাদ্দ মাত্র ৮ কোটি টাকা খুবই নগণ্য।

“এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাই, সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন সংস্থাসমূহের সম্পৃক্তি একান্ত আবশ্যক। গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দের জন্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।”

এদিকে কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন বাজেট বইয়ের মুখবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান ও র‌্যাংকিংয়ে দিন দিন অবনমন হওয়ায় হতাশf প্রকাশ করে কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন,“২০১৫-১৬ অর্থ বছরের বাজেট ছিল প্রায় ৪২৬ কোটি টাকা,২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ৮৬৯ কোটি ৫৬ লক্ষ টাকা। অর্থাৎ গত ৫ বছরে ব্যয় প্রায় ১০৪% বৃদ্ধি পেয়েছে।

“এদিকে ২০১৬ সালে টাইম হায়ার এডুকেশনের (টিএইচই) তথ্য অনুযায়ী এশিয়ার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১৯০+, ২০২০ সালে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান দাঁড়িয়েছে ৪০০+। একদিকে ব্যয় ১০৪% বৃদ্ধি পাওয়া, অন্যদিকে শিক্ষার গুণগত মানের ব্যাপক ধস নেমেছে।

তিনি বলেন, “গত পাঁচ বছরে এ প্রতিষ্ঠানের নিজস্ব আয়ের তেমন বৃদ্ধি নেই। সুতরাং অনিবার্য  উপাধি হচ্ছে ‘ফেইলিং পাবলিক ইনস্টিটিউশন’। সরকারসহ বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় নিয়োজিত ব্যক্তিরা এ বাস্তবতা মেনে দ্রুত পদক্ষেপ না নিলে দুর্যোগ অনিবার্য।”

বাজেট বই থেকে জানা যায়, ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার এ বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেবে ৭৪৮ কোটি ৬ লাখ টাকা,যা মোট বাজেটের ৮৬.০৩ শতাংশ।

এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে ফি, সম্পত্তিসহ নিজস্ব খাতগুলো থেকে আয় ধরা হয়েছে ৭১ কোটি টাকা, যা মোট বাজেটের ৮.১৭ শতাংশ। এই দুই খাত থেকে ৮১৯ কোটি ৬ লাখ টাকা আয় হলেও বাজেটে ৫০ কোটি ৫০ লাখ টাকা ঘাটতি থাকবে, যা মোট বাজেটের ৫.৮১ শতাংশ।

অন্যদিকে প্রস্তাবিত এই বাজেটের ব্যয়ের খাতে বেতন ও ভাতাদি বাবদ মোট বাজেটের ৫৫.৫২ শতাংশ, সরবরাহ ও সেবা বাবদ ২২.৭৪ শতাংশ, পেনশন ও অবসর সুবিধা বাবদ ১৪.৩৮ শতাংশ, মূলধন অনুদান বাবদ ৩.৫৫ শতাংশ এবং অন্যান্য অনুদান বাবদ ২.৭২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

সুতরাং এবারের বিশ্ববিদ্যালয়ের বাজেটের ৭০ শতাংশ বরাদ্দ চলে যাবে শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের বেতন পরিশোধে।

মহামারীতেও গতানুগতিক বাজেট

করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে শ্রেণিকক্ষের পাঠদান। তবে নানা প্রতিবন্ধকতা নিয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনলাইন ক্লাসের জন্য অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের ডিভাইস-ইন্টারনেট প্রদানের দাবি ওঠলেও এবারের বাজেটে নেই এর প্রতিফলন।

গতানুগতিক এই বাজেট পেশের পর বিশ্ববিদ্যালয়ের ২০ হাজার শিক্ষার্থীকে স্মার্টফোন কিনে দিতে সরকারের কাছ থেকে ৫০ কোটি টাকা বিশেষ বরাদ্দ আবেদনের প্রস্তাব ওঠেছে অধিবেশনে।

এবিষয়ে অধ্যাপক সামাদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রম। এ কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে, কিন্তু ব্যয় অব্যাহত রয়েছে। বিভিন্ন মহল হতে অনলাইন ক্লাসের প্রস্তাব আসছে।

“অনলাইনশুরু প্রস্তুতি হিসেবে যদি ২০ হাজার শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে স্মার্টফোন কেনার জন্য অনুদান দেওয়া হয়, তবে ৪০ কোটি টাকার প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের নিকট হতে ৫০ কোটি টাকা বিশেষ বরাদ্দের আবেদন করা যেতে পারে।”

এবারের বাজেট প্রণয়ন নিয়ে তিনি বলেন, “কোভিড-১৯ মহামারীর কারণে এখন পর্যন্ত প্রায় চার মাস বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ কার্যত বন্ধ থাকায় প্রয়োজনীয় যথার্থ আর্থিক তথ্যাদি সরবরাহ করা সম্ভব হয় নাই। আর্থিক বিধি-বিধান মেনে নির্ভুল বাজেট তৈরির সর্বোচ্চ প্রচেষ্টা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে অনুমাননির্ভর তথ্যের ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে।

“কোথাও কোনো বরাদ্দের সমন্বয় করা প্রয়োজন হলে বা কোনো তথ্যের পরিবর্তন প্রয়োজন হলে  সংশোধিত বাজেটে সমন্বয় ও সংযোজন করা হবে।”