২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় আরেকটি মামলা

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির গুলশান শাখার সাবেক এক ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2020, 04:38 PM

Updated : 18 Aug 2022, 03:30 PM

বৃহস্পতিবার কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন বলে সংস্থাটির পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

আসামিরা হলেন- বেসিক ব্যাংকের গুলশান শাখার চাকরিচ্যুত ব্যবস্থাপক এস আসিফ   আহমেদ, মেসার্স ইন্টারলিংক পিএলসি ও ইন্টারলিংক সেন্টারের মালিক সাদেকুল হক খান মিল্কি ও তার ভাই প্রতিষ্ঠান দুটির ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি সাজ্জাদুল হক খান মিল্কি।

মামলার এজাহারে বলা হয়, তারা পরস্পর যোগসাজশে  অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে ২০০৫ সালের জুলাই থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বেসিক ব্যাংকের দুই কোটি ৯১ লাখ ৬৬ হাজার ৮২৭ টাকা আত্মসাৎ করেন।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

একটি প্রতিষ্ঠানের নামে বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে ঋণ নিয়ে প্রায় নয় কোটি টাকা আত্মসাতের অভিযোগের চাকরিচ্যুত ব্যবস্থাপক এস আসিফ আহমেদ ও অন্য দুই জনের বিরুদ্ধে বুধবার আরেকটি মামলা করেছে দুদক।