২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি হাসপাতাল বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

লাইসেন্স নবায়ন না করায় রাজধানীর শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার নামে একটি হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2020, 12:33 AM

Updated : 18 Aug 2022, 03:31 PM

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) ডা. আমিনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে লেখা ওই চিঠিতে ‘দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) ১৯৮২’ অনুযায়ী হাসপাতালটির কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া, ওই হাসপাতালের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সাত দিনের মধ্যে তার সুস্পষ্ট জবাব দিতে বলা হয়।

চিঠিতে বলা হয়েছে, ১৮ জুলাই অধিদপ্তরের কর্মকর্তারা পরিদর্শনে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো লাইসেন্স দেখাতে পারেনি। অনলাইনে যাচাই করে দেখা যায়, তাদের লাইসেন্সের মেয়াদ ২০১৮ সালের ৩০ জুনের আগেই শেষ হয়ে গেছে।

হাই কোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও সেবার মূল্য তালিকা উন্মুক্ত স্থানে প্রদর্শন করা হয়নি হাসপাতালটিতে।

হাসপাতালে শয্যা সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় জনবলের ঘাটতিও দেখেছে অধিদপ্তরের কর্মকর্তারা।

চিঠিতে আরও বলা হয়, “হাসপাতালটিতে চিকিৎসক অপারেশন করলেও তাকে সহায়তা করেন ওয়ার্ডবয় এবং নন-মেডিক্যাল লোকজন। হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর। বিপজ্জনকভাবে অক্সিজেন রাখা হয়েছে। পরিদর্শনকালে আইসিইউ বন্ধ পাওয়া যায়। তবে এমন হাসপাতাল আইসিইউ পরিচালনার জন্য উপযুক্ত নয়।”

কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতি ও প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের উত্তরা এবং মিরপুর শাখা বন্ধ করে দেওয়া হয়েছে। একই অভিযোগে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজে অভিযান চালানো হয়েছে।

নোংরা পরিবেশ, লাইসেন্স না থাকাসহ কয়েকটি অভিযোগে সোমবার ঢাকার উত্তরার দুটি হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।