২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ ফ্লাইটে দাম্মাম থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

কোভিড-১৯ সঙ্কটের মধ্যে সৌদি আরবের দাম্মাম থেকে ফিরলেন ৪১৫ জন বাংলাদেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2020, 12:20 PM

Updated : 18 Aug 2022, 03:30 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বুধবার সকাল ৮টা ২০মিনিটে তারা ঢাকায় পৌঁছান বলে বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান।

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিন্ন দেশে আটকা পড়েন।

বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন, দুবাই, আবুধাবি ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। এ অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।

গত চার মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত, কাতার, ভারত, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।