ব্যাংক কমিশন: হাই কোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের আবেদন
‘ব্যাংকিং ইনকোয়্যারি কমিশন’ গঠনের নির্দেশনা না থাকায় ব্যাংক খাতের অনিয়ম ও দুর্বলতা খুঁজে বের করার বিষয়ে রিট আবেদনে দেওয়া হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করা হয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মঙ্গলবার আইনজীবী মনজিল মোরসেদ আবেদনটি করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই আইনজীবী বলেন, ব্যাংক খাতে জালিয়াতি, দুর্নীতি ও ঋণখেলাপিদের নিয়ে সংবাদ প্রতিবেদন যুক্ত করে গত বছর ফেব্রুয়ারিতে রিট মামলা দায়ের করা হয়। তাতে ‘ব্যাংকিং ইনকোয়্যারি কমিশন’ গঠনের নির্দেশনা চাওয়া হয়।
মামলাটি বিচারাধীন থাকার সময় ২ শতাংশ ডাউন পেমেন্টে ঋণখেলাপিদের পুনঃতফসিলের সার্কুলার জারি করা হয়। তখন সে সার্কুলারিটি আদালতে চ্যালেঞ্জ করলে আদালত স্থিতাবস্থা জারি করে আদেশ দেয়।
গত বছর ৩ নভেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ কমিশন গঠনের বিষয়টি সরকারের বিবেচনার উপর ছেড়ে দিয়ে রুল নিষ্পত্তি করে রায় দেয়।
ওই সিদ্ধান্তের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়েছে জানান মনজিল মোরসেদ।
ব্যাংক খাতে অর্থ আত্মসাৎ, ঋণ অনুমোদনে অনিয়ম, সুদ মওকুফ সংক্রান্ত বিষয় তদন্ত ও সুপারিশ প্রনয়নে কমিশন গঠন করতে গত বছর ২৩ জানুয়ারি সংশ্লিষ্ট ৫ সচিবসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে উকিল নোটিস দেয় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
পরে কারও কাছ থেকে নোটিসের জবাব না পেয়ে, আবার কারও জবাবে সন্তুষ্ট হতে না পেরে হাই কোর্টে ‘জনস্বার্থে’এই রিট আবেদন করা হয়।
প্রাথমিক শুনানি নিয়ে গত বছর ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রতি ৩ দফা নির্দেশনা দিয়ে রুলসহ আদেশ দেয় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ।
আদালত আদেশে তখন গত ২০ বছরে এক কোটি টাকার বেশি ঋণ খেলাপি, ঋণের সুদ মওকুফ, অর্থপাচার ও অর্থপাচারকারীদের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রতিবেদন চায়।
এছাড়া বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে আর্থিক দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে বিবাদীদের ‘নিষ্ক্রিয়তা’ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং আর্থিক খাতে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা বন্ধে কমিশন গঠন করে সে কমিশনের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করে।
সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন, সালেহ উদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, সিটি ব্যাংক এন এ বাংলাদেশের সাবেক সিইও মামুন রশিদ, বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি ও অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধির সমন্বয়ে কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থপাচার রোধে কেন কার্যকরী ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানতে চাওয়া হয় রুলে।
চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী সচিবালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুই সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সরকারি-বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের রুলের জবাব দিতে বলা হয়।
কয়েক দফা সময় নিয়ে বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপি বা অর্থপাচারকারীদের তালিকা আদালতে দাখিল না করলেও গত বছর ১৬ মে ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে নতুন সার্কুলার জারি করে।
সে সার্কুলারে ঋণ খেলাপিদের ২ শতাংশ ডাউন পেমেন্টে ৯ শতাংশ সুদে ১০ বছরে খেলাপি ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়।
তখন রিটকারী পক্ষের সম্পূরক আবেদনে আদালত বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের ওপর গত ২৪ জুন পর্যন্ত স্থিতাবস্থা জারি করে। পরে গত ২৪ জুন স্থিতাবস্থা আরও দুই মাস বাড়ানো হয়।
এর মধ্যে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে সরকারের অর্থ বিভাগ।
সে আবেদনের শুনানি নিয়ে হাই কোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ শর্তসাপেক্ষে দুই মাসের জন্য স্থগিত করে দেয় আপিল বিভাগ।
সর্বোচ্চ আদালত বলে দেয়, কেউ এই সুবিধা নিলে দুই মাসের মধ্যে তিনি আর অন্য কোনো ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন না।
সেই সঙ্গে রিটকারী পক্ষের আবেদনে হাই কোর্ট বেঞ্চ যে রুল দিয়েছিল, তার নিষ্পত্তি হবে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চে।
পরে গত গত ২৩ জুলাই ওই সার্কুলার নিয়ে রুল জারি করে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ।
সার্কুলারটি কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
পরে গত ১৩ অক্টোবর থেকে সেসব রুলের ওপর শুনানি শুরু হয়। ২৮ অক্টোবর শুনানি শেষে রায় ঘোষণা করে হাই কোর্ট।
