মৃত পশু-পাখি মাটির নিচে পুঁতে ফেলার নির্দেশ
মারা যাওয়া পশু-পাখি যত্রতত্র না ফেলে মাটির নিচে পুঁতে রাখার ব্যবস্থা করতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়েছে সরকার।
এসব মৃতদেহ থেকে যাতে রোগজীবাণু না ছাড়ায় সেজন্য এই ব্যবস্থা করতে সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়াম্যানদের রোববার চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
করোনাভাইরাস মহামারীর মধ্যে কোরবানির ঈদের আগে এই নির্দেশনা দেওয়া হল।
চিঠি বলা হয়েছে, “লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক ক্ষেত্রে শহর ও গ্রামাঞ্চলে পশু-পাখির মৃতদেহ যত্রতত্র এমনকি পুকুর, ডোবা, খাল, বিল ও নদীতে পড়ে থাকে বা ফেলে রাখা হয়।
“উক্ত মৃতদেহগুলো পশু-পাখি খেয়ে থাকে এবং মৃতদেহের অংশবিশেষ যত্রতত্র ছড়িয়ে ও ছিটিয়ে পড়ে থাকে। এ সমস্ত মৃতদেহ পচে বিভিন্ন রোগজীবাণু সৃষ্টি হয় এবং বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ায় মানুষ রোগাক্রান্ত হয়।”
যত্রতত্র পশু-পাখির মৃতদেহ ফেলে রাখলে মাটি, পানি ও বায়ু দূষণসহ সার্বিকভাবে পরিবেশ দূষিত হয় জানিয়ে চিঠিতে বলা হয়েছে এটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এজন্য পশু-পাখির মৃতদেহগুলো যত্রতত্র না ফেলে তা পরিবেশসম্মতভাবে তা মাটির নিচে পুঁতে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে।
