২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিল অপরিশোধে লাশ বেঁধে রাখা, পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রশান্তি হাসপাতালে রোগীর বিল পরিশোধ নিয়ে লাশ বেঁধে রাখার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2020, 05:47 PM

Updated : 08 Apr 2022, 01:06 AM

সেই সঙ্গে এই ঘটনায় মৃতের পরিবারের করা অভিযোগ এজাহার হিসেবে নিতে শাহজাহানপুর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে মৃতের ভাই জসিম উদ্দিন রুবেলের করা রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এছাড়া রোগীর মৃত্যুর কারণ তদন্ত করে ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রতিবেদন দিতে বলেছে আদালত।  

আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহির উদ্দিন লিমন। সঙ্গে ছিলেন আইনজীবী কামাল উদ্দিন আহমেদ ও খালেকুজ্জামান ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

পরে আইনজীবী জহির উদ্দিন লিমন সাংবাদিকদের বলেন, টাকার জন্য রাজধানীর মালিবাগের প্রশান্তি হাসপাতালে বিছানার সাথে মৃত রোগীর হাত বেধেঁ রাখার অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে শাহজাহানপুর থানাকে নির্দেশ দিয়েছেন। করোনা পজিটিভ হলেও মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকে হার্ট ফ্যলিউর-এর কথা বলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।”

এ ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর-প্রতিবেদন যুক্ত করে গত ৭ জুলাই রিট আবেদনটি করা হয়।

রিট আবেদনে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি, পুলিশ মহাপরিদর্শক (আইজি), হাসপাতলের ব্যবস্থাপন পরিচালকসহ ১১ জনকে বিবাদী করা হয়।

১৮ জুন ভোরে মারা যান মহিন উদ্দীন পারভেজ। স্বজনদের কাছে ১ লাখ ৫৬ হাজার টাকার বিল ধরিয়ে দেওয়া হয়। এত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় রোগীর স্বজন রুবেলের মোবাইল কেড়ে নেন ডা. আলীমের ম্যানেজার সাইফুল।

তাকে এক রুমে আটকে রেখে বলা হয়, টাকা না দিলে তাকে র‌্যাবের‌ কাছে দেওয়া হবে। তার ভাইয়ের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামে ‘বেওয়ারিশ’ হিসেবে দিয়ে দেওয়া হবে।

পরে রুবেল তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ১ লাখ ৪০ হাজার টাকা হাসপাতাল খরচ ও প্রায় ৬০ হাজার টাকা ওষুধের দাম দিয়ে লাশ নিয়ে ওইদিন সন্ধ্যায় ছাড়া পান।’

যদিও প্রশান্তি হাসপাতালের মালিক ও আইসিইউ কনসালটেন্ট ডা. এস এম আলীম অভিযোগ অস্বীকার করেছেন।

তার উদ্বৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘রোগীকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন আমি সেখানে ছিলামই না। রুবেল যেসব কথা বলেছেন, তা মিথ্যা। তাকে পাগলের মতো মনে হয়েছে। তা ছাড়া আমরা এই হাসপাতালে করোনার কোনো রোগী ভর্তি করাই না। শ্বাসকষ্ট হলে ভর্তি করানো হয়।

পরে এক পর্যায়ে অবশ্য তিনি বলেন, করোনার প্রাথমিক উপসর্গ নিয়ে আসা রোগীদের ভর্তি করাই। সিরিয়াস হলে করানো হয় না।

নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে করোনা রোগী হিসেবেই এখানে নিয়ে আসা হয়-এমন প্রশ্নে ডা. আলীম বলেন, তারা বলেছে শ্বাসকষ্টের কথা। করোনা নয়। আমাকে মিথ্যা বলা হয়েছে।’