২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবরিনাকে নিয়ে তদন্তে হৃদরোগ ইনস্টিটিউটের নথি তলব

ডা. সাবরিনা আরিফের বিরুদ্ধে করোনাভাইরাসের ভুয়া প্রতিবেদন দিয়ে আট কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটসহ চার প্রতিষ্ঠানে নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2020, 05:32 PM

Updated : 18 Aug 2022, 03:29 PM

অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার মনির স্বাক্ষরে চিঠিগুলো পাঠানো হয়েছে বলে সোমবার কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, রোববার এসব চিঠি পাঠানো হয়েছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন), বাংলাদেশ ব্যাংকের বিআইএফইউ প্রধান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১০ এর কর কমিশনার এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহ পরিদপ্তরের (আরজেএসসি) নিবন্ধকের কাছে সংশ্লিষ্ট তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়।

ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ছিলেন। গত ১২ জুলাই গ্রেপ্তার হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার এই চিকিৎসক এখন রয়েছেন কারাগারে।

ডা. সাবরিনাকে নিয়ে অনুসন্ধানে দুদক

ডা. সাবরিনার ‘দুর্নীতি’ খুঁজবেন দুদকের মনি

জেকেজির জালিয়াতি: গ্রেপ্তার হওয়ার পর বরখাস্ত ডা. সাবরিনা  

রিমান্ড শেষে কারাগারে সাবরিনা  

জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যানের দায়িত্বে থেকে করোনাভাইরাসের ভুয়া প্রতিবেদন দিয়ে আট কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছাড়াও সাবরিনার অন্যান্য অবৈধ সম্পদের অনুসন্ধানে সেলিনা আখতার মনিকে নিযুক্ত করেছে দুদক।

সাবরিনা গ্রেপ্তার হওয়ার পর ১৩ জুলাই তার বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল চৌধুরী ডা. সাবরিনার স্বামী। সাবরিনা জেকেজির চেয়ারম্যান পদে থাকার কথা এখন অস্বীকার করলেও পুলিশ তার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে।

জেকেজি থেকে সাবরিনার ‘বেতনের স্লিপ’ পুলিশের হাতে  

কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবের পর নমুনা সংগ্রহের জন্য জেকেজিকে অনুমোদন দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত মাসে পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে, তারা নমুনা পরীক্ষা না করেই ভুয়া সনদ দিচ্ছিল জেকেজি। এরপর আরিফকে গ্রেপ্তার করা হয়।

সাবরিনার বিরুদ্ধে অভিযোগ, সরকারি চাকরিতে বহাল থেকে ডা. সাবরিনা তার স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোন রোগীদের নমুনা সংগ্রহ করে ১৫ হাজার ৪৬০টি ভুয়া মেডিকেল রিপোর্ট প্রস্তত ও সরবরাহ করেছেন।