ওয়াসার এমডির পুনর্নিয়োগ নিয়ে প্রশ্ন টিআইবির
ঢাকা ওয়াসার দুর্নীতি নিয়ন্ত্রণ ও সুশাসন নিশ্চিতে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আইনের যথাযথ অনুসরণ ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)।
সোমবার বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অতীতে চুক্তিভিত্তিক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সেজন্য বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ ও অব্যাহত পুনর্নিয়োগের বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষ নিরীক্ষা দরকার।
২০০৯ সালে ঢাকা ওয়াসার বর্তমান এমডি তাকসিম এ খান নিয়োগ পান। এরপর টানা পাঁচ মেয়াদে ১১ বছর ধরে দায়িত্ব পালন করছেন তিনি।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “এটা প্রশ্নবিদ্ধ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, প্রতিবারই তার নিয়োগ নবায়নের ক্ষেত্রে কোনো না কোনোভাবে আইন ও নিয়মের ব্যত্যয় হয়েছে। এমনকি প্রথমবার নিয়োগের সময়ই অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পরবর্তী নিয়োগে সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দেয়া হয়।”
ইফতেখারুজ্জামান বলেস, তারপরও নানাভাবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পুনর্নিয়োগ নিশ্চিত করা হয়েছে।
“বয়সসীমা বাড়িয়ে, বোর্ড সভার সুপারিশ পাশ কাটিয়ে পুরনো সভার তামাদি সুপারিশ ব্যবহার করে, এমনকি বোর্ডের মতামত অগ্রাহ্য করে তার পুনর্নিয়োগ নিশ্চিত করা হয়। যা শুধু আইনেরই সুস্পষ্ট ব্যত্যয় নয়, বরং ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশের সংস্কৃতির প্রাতিষ্ঠানিকীকরণের দৃষ্টান্ত।”
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের সর্বশেষ বর্ধিত মেয়াদ ২০২০ সালের ১৪ অক্টোবর শেষ হবে। এর আগেই সঠিক নিয়মে ও স্বচ্ছ প্রক্রিয়ায় এ খাতে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করতে হবে।
“একইসাথে ওয়াসার এবং ওয়াসার সেবাগ্রহীতাদের কল্যাণে বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের প্রশ্নবিদ্ধ নিয়োগ ও অব্যাহত পুনর্নিয়োগ বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষ নিরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি ওয়াসার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের সুষ্ঠু তদন্ত করে অনিয়ম ও দুর্নীতির জবাবদিহি নিশ্চিত করতে হবে।”
