বাংলা একাডেমির সভাপতির চেয়ারে শামসুজ্জামান
বাংলা একাডেমির সভাপতি হিসেবে যোগদান করেছেন অধ্যাপক শামসুজ্জামান খান।
সোমবার সকালে তিনি দায়িত্ব বুঝে নেনে একাডেমির ভারপ্রাপ্ত সচিব অপরেশ কুমার ব্যানার্জী জানান।
শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে স্বাগত জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
শুরুতে একাডেমির প্রয়াত সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের প্রয়াণে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলা একাডেমি আইন ২০১৩ এর ৬(১) ধারা অনুযায়ী অধ্যাপক শামসুজ্জামান খানকে গত ২৮ জুন পরবর্তী তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, “বাংলা একাডেমি আমার প্রিয় প্রতিষ্ঠান। একাডেমির মহাপরিচালক থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা নিশ্চয়ই আমাদের প্রাণের প্রতিষ্ঠানকে জাতির বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।”
১৯৪০ সালের ২৯ ডিসেম্বর মানিকগঞ্জ জেলার চারিগ্রামে অধ্যাপক শামসুজ্জামান খানের জন্ম। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।
তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য ‘ফোকলোর চর্চা’, ‘বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা ও বর্তমান বাংলাদেশ’, ‘বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও অন্যান্য প্রসঙ্গ’, ‘মুক্তবুদ্ধি, ধর্মনিরপেক্ষতা ও সমকাল’, ‘বাঙালির বহুত্ববাদী লোকমনীষা’,‘ মীর মশাররফ হোসেন : নতুন তথ্যে নতুন ভাষ্যে’, ‘সৃজনভুবনের আলোকিত মানুষেরা’, ‘রঙ্গরসের গল্পসমগ্র’, ‘কিশোর রচনাসমগ্র’, ‘বাংলাদেশের উৎসব’, ‘বাংলা সন ও পঞ্জিকা’, ‘ফোকলোরচিন্তা’ ইত্যাদি।
শিক্ষকতা দিয়ে তার কর্মজীবনের সূচনা। বিভিন্ন সময় মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ, ঢাকা জগন্নাথ কলেজ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন।
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার, ২০০৯ সালে একুশে পদক ও ২০০১ সালে
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।
