কোভিড ১৯: আরেক পুলিশ সদস্যের মৃত্যু
মানিকগঞ্জের এক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কনস্টেবল মো. আতিয়ার রহমান মানিকগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন।
আতিয়ার ১৯৮৪ সালের ২৬ নভেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে। স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।
মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
করোনাভাইরাস মহামারীর মধ্যে দায়িত্ব পালনকালে এ নিয়ে ৩৮ জন পুলিশ সদস্যের মৃত্যু হল। আক্রান্তের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে।
