২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাটারার ফ্ল্যাটে হাজারীবাগের ব্যবসায়ীর অর্ধগলিত লাশ

রাজধানীর ভাটারার পূর্ব সাইদনগর এলাকার একটি বাড়ির তালাবন্ধ ফ্ল্যাট থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2020, 03:42 AM

Updated : 18 Aug 2022, 03:19 PM

শনিবার রাত ১২টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তৃতীয় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এই ব্যক্তির নাম সাইফুল। বয়স প্রায় ৪৫ বছর। ব্যবসা করতেন।

“তবে এই বাসায় তিনি কীভাবে এলেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই।”

ওসি বলেন, সাইফুলের বাসা হাজারীবাগে। ওই ফ্ল্যাটে যে পরিবার ভাড়া থাকত তারা বৃহস্পতিবার গ্রামের বাড়ি যাওয়ার কথা বলে বের হয়ে যান বলে বাড়ির মালিক তাদের জানিয়েছেন।

“বাড়ির মালিকও সাইফুলকে চেনেন না জানিয়ে বলেছেন, তারা ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন। এরপর সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।”

পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর সাইফুলের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানান ওসি।

“ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে তা নিশ্চিত হতে আরও কিছুটা সময় লাগবে। লাশের পচন ধরায় অনেক কিছু বেঝা যাচ্ছে না।”