২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বাণিজ্যমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ১০ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2020, 03:48 PM

Updated : 18 Aug 2022, 03:19 PM

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (আগের অ্যাপোলো হাসপাতাল) থেকে শনিবার দুপুরে তিনি বাসায় যান বলে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “করোনাভাইরাস জয় করে আজ বাণিজ্যমন্ত্রী দুপুরে হাসপাতাল থেকে ঢাকায় নিজ বাসায় ফিরেছেন। ডাক্তারের পরামর্শে তিনি আরও কিছুদিন বিশ্রাম নিবেন।”

তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া চেয়েছেন বলেও লতিফ জানান।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১৭ জুন বাণিজ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

২০১৮ সালে জাতীয় সংসদের নির্বাচনে রংপুর-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

২০১৯ জানুয়ারিতে মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তা টিপু মুনশি বিজিএমইএর সাবেক সভাপতি।